পূর্বাভাস ছাড়াই আকস্মিক বন্যা ইউরোপে, ভয়ংকর বন্যায় মৃত্যুসংখ্যা ছাড়াল ১৫০

ভয়ংকর বন্যার কবলে পড়ল ইউরোপ। মৃত্যু মিছিল বেড়েই চলেছে জার্মানি ও বেলজিয়ামে। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রেসিডেন্ট ও চ্যান্সেলর।

এই বন্যার জেরে জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম-সহ ইউরোপের একাধিক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জার্মানি ও বেলজিয়াম মিলিয়ে মৃত্যু সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। এর মধ্যে সবথেকে বেশি হতি হয়েছে জার্মানির পশ্চিমাঞ্চলে। শুরু হয়েছে উদ্ধারকাজ। এমন বন্যার ফলে জরুরী পরিষেবাও বিঘ্নিত হয়েছে।

জানা গিয়েছে, সেভাবে এই বন্যার কোনো পূর্বাভাস ছিল না। এই কারণেই আকস্মিক এই বন্যায় একাধিক মানুষ নানান এলাকায় আটকে পড়েছেন। জার্মানির এক বিখাত দৈনিক এই বন্যাকে ‘মৃত্যুর বন্যা’ আখ্যা দিয়েছে।

এই ভয়াবহ বন্যার প্রভাবে বেশ কিছু অঞ্চলে রাস্তা, বাড়িঘর সব জলে তলিয়ে গিয়েছে। দেশের নানান জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার জলে ধসে গিয়েছে বাড়িঘর, উপড়ে গিয়েছে গাছপালা। এলাকাবাসীদের মতে, এমন বন্যা তারা গত ২০ বছরেও দেখেননি।

আরও পড়ুন- শুরুর আগেই ধাক্কা, টোকিও অলিম্পিকের গেম ভিলেজে হদিশ মিলল প্রথম করোনা রোগীর

এমন পরিস্থিতি কীভাবে সামলানো যায় এই চেষ্টাই চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে রাইনল্যান্ড ফ্যালৎস ও জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে নর্থ রাইন ভেস্টফালৎস রাজ্যে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাইনল্যান্ড ফ্যালৎস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জরুরি পরিষেবা চালু করতে আরও কিছুদিন সময় লাগবে।

আমেরিকা সফররত জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এমন বন্যা পরিস্থিতি নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যার কবলে পড়া নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এদিকে, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার আশ্বাস দিয়েছেন যে দুর্গত অঞ্চলের সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব ধরনের সাহায্য করা হবে।

বেলজিয়ামেও বন্যা ভয়ংকর আকার নিয়েছে। এ পর্যন্ত বেলজিয়ামে বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০। সে দেশের একটি অঞ্চলের প্রায় ২১ হাজার মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রা দি ক্রো-র তরফে এই বন্যাকে দেশটির ইতিহাসে সব চেয়ে বড় প্রকৃতি বিপর্যয় আখ্যা দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর