করোনা ভাইরাস থেকে বাঁচতে বেশ কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঠিকই, কিন্তু শেষরক্ষা হল না। টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগেই গেম ভিলেজে হদিশ মিলল প্রথম করোনা রোগীর। আয়োজকদের তরফেই এই খবর প্রকাশ করা হয়েছে।
অলিম্পিক হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে নানান আন্তর্জাতিক খেলার মতো পিছিয়ে যায় অলিম্পিকও। আগামী ২৩শে জুলাই থেকেই শুরু হতে চলেছে অলিম্পিক। কিন্তু এর আগেই করোনা আক্রান্তের খবর বাড়ল উদ্বেগ।
আজ, শনিবার অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানিয়েছেন যে গেম ভিলেজে প্রত্যেকরই স্ক্রিন টেস্টিং করা হয়। আর এই স্ক্রিন টেস্টিং-এর মাধ্যমেই ধরা পড়েছে করোনা আক্রান্ত। তবে আক্রান্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এও জানা গিয়েছে যে তাঁকে গেম ভিলেজ থেকে সরিয়ে আলাদা হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।
প্রতিবারের মতো এবারেও গেম ভিলেজেই থাকার ব্যবস্থা করা হয়েছে হাজারেরও বেশি প্রতিযোগীর। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর নিয়মে রয়েছে কড়াকড়ি। সকলকে মাস্ক পরে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখা ও করোনা বিধিনিষেধ মেনে চলার মতো নানান নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ সত্ত্বেও করোনার থাবা দেখা গেল গেম ভিলেজে।
তবে আয়োজকরা জানিয়েছেন যে চিন্তার কোনও কারণ নেই। সংক্রমণ রুখতে তারা সর্বদা তৎপর। কোনওভাবে যাতে করোনা ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আর যদি কোনওভাবে সংক্রমণ ঢুকে পড়ে, তাহলে এর জন্য বিকল্প ব্যবস্থা তৈরি রয়েছে। করোনা পরিস্থিতির কারণে দর্শকশূন্যই থাকছে অলিম্পিক।





