দল ছাড়ার পর এবার মুকুলের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। মুকুলের থেকে ইয়ার থাকার ফ্ল্যাট কেড়ে নিল কেন্দ্র। এই মর্মে আজ, বুধবার রাজ্যসভার সচিবালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
মুকুল রায় এখন দিল্লিতে। শুধু মুকুলই নন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ২২ জন সাংসদই এখন নয়াদিল্লিতে রয়েছেন। সেখানে মুকুল রায় যে সরকারি ফ্ল্যাটের অতিথি হয়ে রয়েছেন, তা অবিলম্বে খালি করতে হবে বলে নোটিশ জারি করা হয়েছে।
নয়াদিল্লির এস্টেট ডিরেক্টরেটের অধিকর্তাকে এমনই নোটিশ পাঠানো হল রাজ্যসভার সচিবালয়ের তরফে। এই নোটিশে এমনও উল্লেখ করা হয়েছে যে এবার এই ফ্ল্যাটটি বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তকে বরাদ্দ করা হবে।
আরও পড়ুন- একলা চলো নীতি তৃণমূলের! সংসদে রাহুলদের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে গরহাজির মমতার দলের
মুকুল রায় এখন বিজেপিতে আর নেই। ফলে তাঁকে আর ওখানে থাকতে দেওয়া যায় না। যদিও এই কথা নোটিশে সরাসরি উল্লেখ করা নেই, তবে আসলে বিষয়টা যে তেমনই, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্রের খবর অনুযায়ী, নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউয়ের আবাসনের ১৮১ নম্বর ফ্ল্যাটটি মুকুল রায়কে বরাদ্দ করা হয়েছিল। বিজেপিতে নাম লেখানোর পর এই ফ্ল্যাটটি বরাদ্দ করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি আবার পুরনো দলে ফিরে গিয়েছেন। তাই ফ্ল্যাটটি তাঁর থেকে নিয়ে নেওয়া হচ্ছে বলে খবর।
এবার ওই ফ্ল্যাট বরাদ্দ করতে বলা হয়েছে বিজেপির স্বপন দাশগুপ্তকে। সাংসদদের এই আবাসনের ফ্ল্যাট বরাদ্দ করা হয় বলে খবর। সেখানে প্রাক্তন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি পদে ছিলেন মুকুল রায়। এই কারণে তাঁকে সেই ফ্ল্যাটটি বরাদ্দ করা হয়েছিল। এই নির্দেশ নিয়ে নয়াদিল্লিতে শুরু হয়েছে জোর আলোচনা তুঙ্গে।






