আজ ফের একবার উত্তপ্ত হতে পারে সংসদ কক্ষ। অন্তত, আজ সকাল সকাল তেমনটাই আভাস মিলেছে। এদিন মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সংসদের বিরোধী দলগুলি একটি বৈঠকে বসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। তবে উল্লেখযোগ্যভাবেই এই বৈঠকে অংশ নিল না তৃণমূল।
জানা গিয়েছে, সমস্ত বিরোধী দলনেতারা ঐক্যবদ্ধভাবে সংসদে মুলতুবি প্রস্তাব আনছেন। এই বিষয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, “আমরা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে পেগাসাস বা কৃষকদের সমস্যা, কোনওটাকেই খাটো করে দখতে রাজি নই। আমরা সংসদে আলোচনা চাই”।
আজ, বুধবার সকাল ১০টায় নানান বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেন সাংসদ রাহুল গান্ধী। পেগাসাস-সহ নানান বিষয় নিয়ে সংসদে আরও সুর চড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।
কিন্তু আজকের এই বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নানান বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে দিল্লি পৌঁছেছেন, সেখানে আজকের এই বৈঠকে তৃণমূলেরই এই গরহাজির জন্ম দিল বিতর্কের। আজ সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাহুলের উপস্থিতিতে বিরোধীদের এই বৈঠকে তৃণমূল সাংসদের দেখা না মেলার কী কারণ, তাই-ই এখন ভাবাচ্ছে সকলকে।
সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী দলের নেতারা আজ লোকসভায় পেগাসাস ইস্যুতে মুলতুবি প্রস্তাব পেশ করবেন। অন্যান্য নানান বিষয়কে সরিয়ে এখন এই পেগাসাস নিয়ে আলোচনার দাবী উঠবে।
তবে এই সুর চড়ানোর দাবীতে নাম লেখাল না তৃণমূল। পেগাসাস, কৃষি আইন ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নানান বিরোধী দলনেতারা একজোট হয়ে সংসদে আরও বেশি তৎপর হতেব পারে বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে তৃণমূল হয়ত একলা চলো নীতি নিয়েই এগোতে তৎপর।






