‘৫৬ ইঞ্চির গডফাদার হার মেনেছেন, সাসপেন্ড করতে পারেন কিন্তু চুপ করাতে পারেন না’, মোদীকে পরোক্ষভাবে তোপ অভিষেকের

ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জন্য রাজ্যসভার ৬অন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে তারা চেয়ারকে অসম্মান করেছেন, এমন অভিযোগই তোলা হয় তাদের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, পেগাসাস ইস্যু নিয়ে আলোচনার দাবীতে তারা বিক্ষোভ দেখান।

একদিনের জন্য সাসপেন্ড হওয়া এই সাংসদদের তালিকায় রয়েছেন শান্তা ছেত্রী, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, আবীর রঞ্জন বিশ্বাস, মৌসম নূর, অর্পিতা ঘোষ।

সাংসদদের এই সাসপেন্ডের ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল। মোদীকে নিশানা করে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছে তারা। এই সাসপেন্ডের কপি তুলে ধরে মোদীকে একেবারে চাঁচাছোলা ভাষায় টুইটারে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন মোদীর, রাজ্যকে সবরকম সাহায্য করা হবে, আশ্বাস কেন্দ্রের

এদিন টুইট করে অভিষেক লেখেন, “আমাদের সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ প্রমাণ করে দিচ্ছে যে ৫৬ ইঞ্চির গডফাদার হার মেনেছেন। আপনি আমাদের সাসপেন্ড করতে পারেন কিন্তু চুপ করাতে পারেন না। মানুষের জন্য লড়াই করতে, সত্যের জন্য লড়াই করতে আমরা এক ইঞ্চিও সরব না। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব”।

তাৎপর্যপূর্ণভাবে এদিন সরাসরি প্রধানমন্ত্রীর নাম না করেই তাঁকে ‘৫৬ ইঞ্চি গডফাদার’ বলে কটাক্ষ করেন অভিষেক। অন্যদিকে, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীরাও নানাভাবে তৃণমূলের সাংসদদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সংসদকে মাছের বাজার বানাবেন না, এমন কটাক্ষও করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী।

আরও অন্যান্য খবর