গত মঙ্গলবার তরুণ কুমারের নাতবউ ওরফে সৌরভ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। সেদিন রাত আড়াইটের সময় তৃণমূল বিধায়ক মদন মিত্র গিয়েছিলেন ত্বরিতার বাড়ি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। নিজেই মজার ছলে বলেন যে গভীর রাতে তাঁকে কেউ বাড়িতে ঢুকতেই দেয় নি।
বুধবার সকালে তিনি হাজির হন অভিনেত্রীর বাড়িতে। সেখান থেকে লাইভে তৃণমূল নেতা জানান ত্বরিতা তাঁর দেখা সেরা অভিনেত্রী। ভবিষ্যতে তিনি প্রযোজক হলে, সেই ছবিতে ত্বরিতা প্রধান নায়িকা হবেন। তাঁকে একটি সুন্দর শাড়িও উপহার দেন মদন মিত্র।
এদিন লাইভে মদন মিত্র বলেন, “কথায় বলে বেটার লেট দ্যান নেভার। এই মুহূর্তে বাংলায় মদন মিত্রের সবথেকে প্রিয় অভিনেত্রী ত্বরিতা। ওর কাল জন্মদিন ছিল। আমি গিয়েছিলাম, ওরা আমায় ঢুকে দেয়নি। কারণ আমি রাত আড়াইটেয় গিয়েছিলাম। তখন আমাকে কতগুলো কুকুর তাড়া করেছিল। এই মুহূর্তে যত পরিচালক বা প্রযোজক আছেন, ত্বরিতার মতো মেয়েদের এগিয়ে আনুন। ‘রানি রাসমণি’ এমনি এগোয়নি, ত্বরিতার কন্ট্রিবিউশন রয়েছে। ত্বরিতা উত্তম কুমারের পরিবারের বউ। উত্তম কুমারের নাতির বউ। দেবলীনা, গৌরব সকলের সঙ্গেই আমার ভাল রিলেশন। সৌরভ, ত্বরিতা আমার পরিবারের অংশ”।
ত্বরিতার পাশাপাশি এদিন সৌরভেরও ভূয়সী প্রশংসা করেন তৃণমূল নেতা। তাঁর কথায়, “উত্তম কুমারের গানে হেমন্ত মুখোপাধ্যায়ের পর সৌরভ ছাড়া আর কেউ নয়। আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না। কিন্তু সৌরভকে আমার কম্পিটিটর মনে করি”। মদন মিত্র এও বলেন, তিনি উত্তম কুমারের অন্ধ ভক্ত। কিন্তু অভিনয়ের নিরিখে কিন্তু তিনি সৌরভের দাদু তরুণ কুমারকেই এগিয়ে রাখবেন।
View this post on Instagram
উপহার হাতে অতিথি হিসেবে বাড়িতে এসেছেন মদন মিত্র। স্বাভাবিক ভাবেই এতে বেশ আপ্লুত সৌরভ-ত্বরিতা। লাইভে এ কথা স্বীকারও করেন ত্বরিতা। জানান, বিধায়কের সঙ্গে তাঁর আলাপ খুব বেশিদিনের নয়। তবে এর মধ্যেই মদন মিত্র ত্বরিতাকে অনায়াসে আপন করে নিয়েছেন। এও জানান, বাকি শহরবাসীর মতো বিধায়কের বিখ্যাত সংলাপ ‘ওহ! লাভলি’ তাঁরও খুবই পছন্দের। তাই মদন মিত্র চান বা না চান, তরুণ কুমারের নাতি-নাতবৌ আজীবন তাঁর পাশেই থাকবেন।






