গত বছর করোনা পরিস্থিতিতে ঠিক আজকের দিনেই অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো হয়েছিল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও নানান ব্যক্তিত্ব। এদিন ৪০ কেজি রূপোর ইট দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর থেকেই শুরু হয় মন্দির নির্মাণকাজ।
২০১৯ সালে অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এরপর জমি হস্তান্তরের পর শুরু হয় নির্মাণকাজ। ইট বা ইস্পাত নয়, রাজস্থানী পাথর ও মার্বেল দিয়ে তিন তলা এই মন্দির নির্মিত হচ্ছে। ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণভাবেই এই মন্দিররের নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে জানা যায়।
বিশ্বের নানান প্রান্ত থেকে ভক্তরা নিজেদের সাধ্যমতো অনুদান দিয়েছেন রাম মন্দির স্থাপনের জন্য। তবে ২০২৫ সালে মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও ভক্তদের জন্য সুখবর শোনাল মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা পদ থেকে ইস্তফা, তবে কী এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর?
বলে রাখি, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এখন বিরোধী দলগুলির পাখির চোখ। একুশের নির্বাচনে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ই যে প্রধান মোদী বিরোধী মুখ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। নানান বিরোধী দলগুলি একসঙ্গে জোট বাঁধতে তৎপর।
এর উপর আগামী বছর উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন। এই কারণে সবদিক বিচার করে, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার আগেই ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ।





