ত্রিপুরায় সংগঠন বাড়াতে বেশ উঠেপড়েই লেগেছে তৃণমূল। এই নিয়ে সে রাজ্যের সঙ্গে সংঘাতও কম কিছু হচ্ছে না। বিজেপি শাসিত এই রাজ্যে তৃণমূল নেতা-কর্মীরা গিয়ে বারবার আক্রান্ত হয়েছেন, এমনটাই দাবী তৃণমূলের। এসব নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হচ্ছে না। বিজেপি-তৃণমূল, উভয়পক্ষই একে অপরকে তোপ দাগছে।
এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ পাঁচ তৃণমূল নেতার বিরুদ্ধে নোটিশ পাঠাল ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। এই বিষয়টি কুণাল ঘোষ নিজেই টুইট করে জানিয়েছেন। এরই সঙ্গে অভিযোগের কপিও টুইটে তুলে ধরেন তিনি।
আরও পড়ুন- ‘আফগানিস্তানের সঙ্গে বাংলার কোনও পার্থক্য নেই’, মমতার কটাক্ষের বিরোধিতা করে পাল্টা তোপ দিলীপের
টুইটে তিনি লেখেন, “খোয়াই পুলিশের নোটিশ পেয়েছি। যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। তারা আমাদের হয়রানি করার চেষ্টা করছে। ওসি সুয়ো মোটো মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের ৫জনের বিরুদ্ধে। নোটিশের নির্দেশ পালন করব। আইনী লড়াই চলবে। জিজ্ঞাসাবাদের ভিডিও যাতে তদন্তকারী আধিকারিক পাঠান তার দাবি আমরা রেখেছি”।
এদিনের এই নোটিশ অনুযায়ী, আগামী ১০দিনের মধ্যে তৃণমূল নেতাদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে সিআরপিসির ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, নোটিশ পাঠিয়ে সকলকেই তলব করা হয়েছে।






