জল্পনা সত্যি! অবশেষে অভিষেকের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

অবশেষে জল্পনা সত্যি। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।

কিছুদিন আগেই মন্ত্রিত্ব গিয়েছে তাঁর। এরপরই তিনি ঘোষণা করেছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সাংসদ পদ ছাড়ার কথাও বলেছিলেন তিনি। তবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে তা করেন নি। সেই সময় বাবুল এও বলেছিলেন যে তিনি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না। তবে সেকথা ধোপে টিকল না শেষ পর্যন্ত।

আজ, শনিবারের বারবেলায় কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ঘাসফুল শিবিরে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলে সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

২০১৪ সালে আসানসোল কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে প্রথমবার সাংসদ হন বাবুল। ২০১৯ সালে ফের লোকসভা ভোটে জয়ী হওয়ার পর নিজের সাংসদ পদ বাঁচানোর পাশাপাশি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু কিছুদিন আগেই গিয়েছে সেই মন্ত্রিত্ব। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। এদিকে রাজ্য নেতৃত্বের সঙ্গেও প্রায়শই বাকবিতণ্ডায় জড়াচ্ছিলেন তিনি। বিজেপির সঙ্গে ক্রমেই দুরত্ব বাড়ছিল তাঁর।

একটা সময় ছিলজখন বাবুল সুপ্রিয়র উপর মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বাবুল এই বিষয়ে বলতেন, ওসব মামলার কাগজ জমিয়ে রাখছেন তিনি। তৃণমূলকে নিয়েও কতই না কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে নানান নেতা, কেউই বাদ পড়েন নি তাঁর আক্রমণ থেকে। আর আজ সেই বাবুল সুপ্রিয়ই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যোগ দিলেন তৃণমূলে।

RELATED Articles