‘বাবুল স্টার, সাংসদ, ওঁ কখনও বিজেপির হতে পারেনি’, অবশেষে বাবুলের দলবদল নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে ফুলবদল করেছেন বাবুল সুপ্রিয়। নিজের পণ ভেঙেছেন নিজেই। গতকাল এই প্রসঙ্গে কিছু মন্তব্য না করলেও আজ ভোটের প্রচারে বেরিয়ে এই নিজের নীরবতা ভাঙলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাবুলকে ‘রাজনৈতিক পর্যটক’ বলে আক্রমণ করেন তিনি।

রবিবাসরীয় সকালে ভবানীপুর উপনির্বাচনের জন্য প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। চেতলা বাজারে এদিন প্রচার করেন তিনি। চায়ের আসরেও যোগ দেন। আর সেখানেই বাবুল সুপ্রিয়র দলবদল নিয়ে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- কিছুদিনের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দেবেন তৃণমূলে, দেবাংশুর মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি

এদিন তিনি বলেন, “কে কোথায় গেল, তা নিয়ে কিছু যায় আসে না। আমাদের কোনও ধাক্কা নেই। যারা ধাক্কা খাচ্ছে, তারাই সরে যাচ্ছে। অনেকেই আসছে যাচ্ছে। কেউ যদি সাত বছর মন্ত্রী থেকে চলে যান, তাহলে ঘটনাটি কী বোঝাই যাচ্ছে। রাজনীতি এখন ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো হয়ে গিয়েছে। বাবুল যা করেন আবেগে করেন। উনি শিল্পী মানুষ। বাবুল স্টার, সাংসদ। বিজেপি হওয়ার চেষ্টা করেননি। বাবুল ভাল রাজনীতি করেন। সেটাই করুন”।

এদিন দিলীপবাবু বাবুল সুপ্রিয়কে ‘রাজনৈতিক পর্যটক’ বলে আক্রমণ করেন। এই বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “দল দলের মতোই চলবে। রাজনৈতিক পর্যটকরা আসবেন, ঘুরে ফিরে চলে যাবেন”।

উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন বাবুল সুপ্রিয়। সেবার লোকসভায় আসানসোল থেকে জিত হাসিল করে প্রথমবারের জন্য সাংসদ হন তিনি। কিন্তু বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক যে একেবারেই ভালো ছিল না, তা বেশ স্পষ্ট। এও জানা যায় যে বাবুলের ভূমিকায় রাজ্য নেতৃত্ব তেমন সন্তুষ্টও ছিলেন না। আর একুশের বিধানসভার পর এই দ্বন্দ্ব যেন ক্রমেই বাড়ছিল।

আরও পড়ুন- বাবুলের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে নির্বাক দিলীপ, বললেন, ‘যা বলার দিল্লি বলবে’

রাজনৈতিক মহলের মতে, এই কারণেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারানোর পর বাবুলকে আর কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় নি। তবে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্টের মাধ্যমে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। রাজনীতি ছাড়ার পোস্টে তিনি বলেছিলেন যে তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু নিজের দাবীই রাখতে পারলেন না বাবুল। গতকাল, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন বাবুল। যা নিয়ে বেশ চটেছেন দিলীপ ঘোষ।

আরও অন্যান্য খবর