বলিউডে বহু বাঙালি তারকা’র সমাগম এখন। এরইমধ্যে বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহরের অফার ফিরিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজে জানালেন তা। সঙ্গে শেয়ার করলেন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নিজের অভিনয়ের অভিজ্ঞতা।
চলতি বছরে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র প্রচারে ব্যস্ত তিনি। সেখানে করণ জোহরের প্রসঙ্গে অভিনেতা জানালেন, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয়ের জন্য প্রযোজক করণ জোহরের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু করজোড়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন শাশ্বত বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। এখানেই আলিয়া ভাটের বাবার চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। তার জন্য ভারতনাট্যম শিখতে হত অভিনেতাকে। এক মাসের মধ্যে এরকম একটি নৃত্যশৈলী শেখা সম্ভব নয় মনে করে এই চরিত্রের জন্য না করে দেন তিনি।
অন্যদিকে কিছুদিন আগেই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘ধাকড়’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। অভিনেত্রীর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি জানালেন, ‘বুদাপেস্টে অল্প সময়েই শুটিংয়েই দারুণ মজা করেছেন। কঙ্গনার উদ্যোগে সকলে সিনেমা দেখতে গিয়েছিলেন একসঙ্গে। এমনকি যারা করোনার দুটি ডোজ নিয়ে গিয়েছিলেন, তাঁরা কেউই সেখানে মাস্ক পরে যান নি। কিন্তু কঙ্গনা এবং শাশ্বতর মুখে ছিল মাস্ক। এখন মাস্ক পড়া অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে অভিনেতার।
পাশাপাশি নিজের আপকামিং ছবির লিস্ট নিয়ে জানালেন, হাতে রয়েছে একগুচ্ছ ছবি। ‘ষড়রিপু ২’ মুক্তি পাচ্ছে। হিন্দি ছবির ঝুলিতে ‘ধাকড়’ ছাড়াও রয়েছে অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ এবং রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’। সব মিলিয়ে বলিউড আর টলিউডের কাজ নিয়ে বেজায় ব্যস্ত জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু আফসোস নেই করণ জোহরের প্রস্তাব প্রত্যাখ্যান করাতে।






