‘কিছুদিন আগে যারা গালাগাল দিল, তারাই দলে ফিরলে কর্মীদের মনোবল ভেঙে যায়’, সব্যসাচীর ঘর ওয়াপসিতে ক্ষোভ জাহির সৌগত, সুজিতদের

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ, বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন সব্যসাচী দত্ত। অন্যান্য নেতারা ঘর ওয়াপসির সময় তৃণমূল ভবনে এসে দলে যোগ দিলেও, সব্যসাচী এদিন বিধানসভায় গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন। তবে তাঁর এই দলে ফেরা নিয়ে তৃণমূলের নানান নেতারাই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই এই বিষয়টি ভালোভাবে নেননি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর তাঁর সঙ্গে দেখা করেন সব্যসাচী। এরপরই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি, এমনটাই জানান পার্থ চট্টোপাধ্যায়য়। এদিকে এদিন সব্যসাচীর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ফিরহাদ হাকিম বললেন, “পইপই করে বলে ছিলাম তুই দল ছাড়িস না”।

বলে রাখি, সব্যসাচী বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা যখন তৈরি হয়েছিল, তখন একাধিকবার তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন ফিরহাদ। কিন্তু সব্যসাচী তাঁর দল ছাড়ার সিদ্ধান্তে একেবারে অনড় ছিলেন। তবে এদিন দলে ফিরে সব্যসাচীর স্বীকারোক্তি, “দলের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আমাকে দলে গ্রহণ করলেন। বাকিরাও সবাই স্বাগত জানালেন। দল যেভাবে বলবে সেভাবেই আগামী দিনে কাজ করব”।

সব্যসাচীর এই তৃণমূলে ফেরা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন দলের সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, “ যারা সদ্য নির্বাচনে এরকমভাবে আমাদের গালাগাল দিল। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতিদ্বন্দ্বিতা করল, তারা যদি দলে আসে তাহলে আমাদের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কর্মীদের মনোবল ধাক্কা খায়। যারা নিষ্ঠাবান কর্মী, তারা তো এই বিষয়ে হতাশ হবেনই”।

সূত্রের খবর অনুযায়ী, সব্যসাচীর ঘর ওয়াপসিতে খুশি নন দমকল মন্ত্রী সুজিত বসুও। তিনি সাফ জানান, “যার সঙ্গে রাজনীতি করা যায় না, তার সঙ্গে একই জায়গায় বসতে পারব না”। শুধু তাই নয়, একথা তিনি নাকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও দিয়েছে বলে খবর। একটা সময় এক দলে থাকলেও সুজিত বসু ও সব্যসাচী দত্তের ব্যক্তিগত সমীকরণ একেবারেই মধুর ছিল না। দুই নেতার ‘বিরোধিতা’ ছিল সুবিদিত।

অন্যদিকে আবার তাপস চট্টোপাধ্যায়ের কথায়, “যাঁকে নিয়ে এত সমস্যা, তাঁকে যদি বসে যোগদান করাতে হয়, পারব না। দিদিকে জানিয়ে দিয়েছি”। তিনি এও বলেছেন, “নোংরা কোনওকিছুতে নেই”। তিনি  আরও বলেন, “এটা নোংরা রাজনীতি। আমি তাতে নেই। ওর রাজনীতি করতে পারব না। দিদিকে বলে দিয়েছি”।

আরও অন্যান্য খবর