বিদায় ঘণ্টা বাজল নন-এসি মেট্রোর, চিরতরে অবসর, স্মৃতি বিজড়িত মুহূর্তের সাক্ষী কলকাতা

১৯৮৪ সাল। ঠিক ৩৭ বছর আগে আজকের দিনেই কলকাতায় প্রথম মেট্রো রেলের চাকা গড়ায়। ভূগর্ভস্থ যানের অনুভূতি পায় কলকাতাবাসী। দেশের প্রথম মেট্রো রেল চালু হয় এই শহরেই। সেই উৎসবে কার্যত মেতে উঠেছিল শহরবাসী।

এরপর অনেক জল গড়িয়েছে। এখন এই শহরেই প্রথম গঙ্গার নীচ দিয়ে তৈরি হচ্ছে মেট্রো পরিষেবা। কয়েক বছরের মধ্যেই তা চালু হয়ে যাবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মেট্রো পরিষেবায় নানান উনতি ঘটেছে।

সময়ের সঙ্গে সঙ্গেই পুরনো রেক বাতিল হয়ে এসেছে নতুন রেক। নন-এসি মেট্রো বন্ধ হয়েছে। এখন শুধুই এসি মেট্রোর দেখা মেলে। তবুও কোথাও যেন স্মৃতির আঁধারে ছিল সেই নন-এসি রেকগুলো। তবে কলকাতা মেট্রোর ৩৭তম জন্মদিনে এবার এই নন-এসি রেকগুলোর চিরতরে নেওয়ার পালা।

নন-এসি মেট্রোর যাত্রা শুরু হয় ন’টি রেক নিয়ে। বারবার তার রঙ বদল ঘটেছে। কখনও আকাশি-নীল, কখনও লাল-হলুদ তো আবার কখনও বা সাদা-কালো। ধীরে ধীরে নন-এসি রেক সরিয়ে জায়গা করে নিয়েছে এসি রেক। নতুন এলে পুরনোকে যে সরে যেতেই হয়। তাই এবার বিদায়ের পালা নন-এসি রেকের।

আজ, রবিবার মহানায়ক উত্তমকুমার স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে নর্থ- সাউথ করিডরে দীর্ঘদিন পরিষেবা দেওয়া নন-এসি রেককে চিরতরে বিদায় জানানো হল। গীতা পাঠের মাধ্যমে শেষ বিদায় জানানো হল নন-এসি রেককে। মেট্রো রেলের কামড়াতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ছিল স্মৃতিতে ভরা। পর্দায় উঠে এল মেট্রো রেল তৈরি নিয়ে এক তথ্যচিত্রও।

২০১২ সালে প্রথম এসি রেক চালু হয় কলকাতায়। এরপর থেকেই একে একে নন-এসি রেকগুলোর জায়গা হতে থাকে কারশেডে। তবে নন-এসি মেট্রো না চললেও স্টাফ স্পেশাল, লাইন পরীক্ষা, সিগন্যাল চেকিং সমস্ত কাজ করতে করবে এবার সে। অর্থাৎ বিদায় নিয়েও যেন বিদায় নেওয়া হল না তার।

আরও অন্যান্য খবর