সকলেই তাঁকে ইতিবাচক চরিত্রে টিভির পর্দায় দেখেছেন। সবসময় হাসিখুশি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই তারকা ব্যক্তিত্ত্বকে। তবে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে পর্দায় দেখা যাবে তাঁকে। সবসময় তিনি দর্শকদের জন্য বয়ে এনেছেন খুশির ভান্ডার। ইদানিং যাবত বেশ হাসিখুশি থাকলেও পর্দায় এবার মানসিক বিকারগ্রস্ত এক মহিলার চরিত্রে দেখা যাবে সঙ্ঘশ্রী সিংহ মিত্রকে।
সানি রায়ের ছবি ‘বিষাক্ত মানুষ’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন টলিপাড়ার এই জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর এই চরিত্রকে বয়সে ১০ বছরের ছোটো ভাইয়ের উপর যৌ’ন নিগ্রহ করতে দেখা যাবে। চরিত্র নিয়ে অভিনেত্রী জানালেন, “এতটা নেতিবাচক চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।”
তাঁর কথায়, “রবিবার শুট করতে গিয়েছিলাম। প্রথমবারেই শট ওকে। কিন্তু দৃশ্যটা শেষ হওয়ার পর থরথর করে কাঁপছিলাম। কিছুই বুঝে উঠতে পারছিলাম না”। প্রত্যেকবারই ইতিবাচক চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন। কিন্তু হঠাৎ এরকম প্রস্তাব পেলেন কি করে? তা নিজেও বুঝতে পারছেন না তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নেও তিনি হেসে বললেন, “আমি নিজেও জানিনা কেন আমাকে বেছে নেওয়া হয়েছে। সেটা সানিই ভালো বলতে পারবে। এই কাজের প্রস্তাব পেয়ে আমি নিজেই অবাক”।
এদিকে অভিনেত্রীর ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস। তাঁর চরিত্র একজন অসফল সাহিত্যিকের। মূলত সৌরভের চরিত্রকেই ঘিরে রয়েছে গল্প। বিপরীতে রয়েছেন রুপসা মুখোপাধ্যায়। এছাড়া ছবিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনংসা বিশ্বাস, জিনা তরফদার-সহ আরও অভিনেতা। কিন্তু এই প্রথমবার নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের কতটা মন জিততে পারেন সঙ্ঘশ্রী! তা দেখার।






