‘তৃণমূলে যোগ না দিলে খেলাধুলো করতে দেবে না’, লিয়েন্ডারের তৃণমূলে যোগদান নিয়ে মন্তব্য দিলীপের

আজ, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার সফরেই তৃণমূলে যোগ দিয়েছেন প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন তিনি। এদিন তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভু। তবে লিয়েন্ডার পেজের এই তৃণমূলে যোগ দেওয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে না বিজেপি। অন্তত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে তো তেমনটাই মনে হচ্ছে।

এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “কারোর বারান্দায় দাঁড়িয়ে ঝান্ডা ধরালেই কি সব হয়ে যায়! মমতা বন্দ্যোপধ্যায়ের তো গোয়াতে কোনও সংগঠনই নেই। কোনও দলই নেই। আগে দলটাতো তৈরি হোক। তাছাড়া এমনিতেও, ভয় দেখিয়ে নয় অনেক টাকা খাইয়ে  তৃণমূলে যোগদান করানো হচ্ছে। তৃণমূল না করলে বাঁচা যাবে না, থাকা যাবে না, খেলাধুলো করা যাবে না… এটাই তো পরিস্থিতি করে দেওয়া হয়েছে। তাই কে যোগদান করল ও নিয়ে অত ভাবিত নই”।

বলে রাখি, প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গোয়া সফরকে বিশেষ গুরুত্ব দেয়নি পদ্ম শিবির। তাদের কথায়, যে দলের সংগঠনই শক্ত নয়, সেই দল ক্ষমতায় আসবে কী করে? এই নিয়ে আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার কটাক্ষ করে বলেছেন, “গোয়ায় কেউ ঘুরতে যেতে চাইলে যেতেই পারেন। তবে দল গঠন করার লাভ হবে না”।

রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার গোটা দেশজুড়ে খেলা হবে। ইতিমধ্যেই ত্রিপুরাতে জমি শক্ত করতে উদ্যত হয়েছে ঘাসফুল শিবির। এরই মধ্যে গোয়াতেও চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোঙ্কণ উপকূলের এই রাজ্যে শুক্রবারের দুপুরে দেখা গেল এক অন্য খেলা। টেনিস জগতে যার জগৎ জোড়া নাম, যিনি ভারতের গর্ব, গোয়ার সেই ভূমিপুত্র লিয়েন্ডার পেজই এখন তৃণমূলে।

এদিন লিয়েন্ডার পেজকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের ওপর আমরা আস্থা রাখছি। এই বছরটা নতুন সকালের বছর হোক। গোয়া এখন খুবই অবহেলিত। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব। দিল্লির লাড্ডু চলবে না। দিল্লির দাদাগিরিও চলবে না। গোয়ার মানুষই গোয়া চালাবে। আমরা রূপরেখা তৈরি করে দেব”।

অন্যদিকে আবার, তৃণমূলে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ বলেন, “দিদি আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি যখন দেশের হয়ে টেনিস খেলেছি, সেই সময় দিদি ক্রীড়া মন্ত্রী ছিলেন। খুবই উৎসাহ দিতেন, খুবই এনকারেজিং তিনি। আমার দেশের জন্য গত ৩০ বছর বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি। দেশের হয়ে টেনিস খেলেছি। এখন টেনিস থেকে অবসর নেওয়ার পর এবার রাজনীতির মাধ্যমে আমি মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই”।

লিয়েন্ডারের কথায়, “দিদি প্রকৃত চ্যাম্পিয়ন। ওনার নেতৃত্বে কাজ করব সত্যিই আনন্দের। ধর্ম-বর্ণ-জাতির ভেদাভেদ নয়, আমার দেশ গণতন্ত্রের সংস্কৃতি ঐতিহ্যে বিশ্বখ্যাত হবে এটাই চাই। আমিও এই জয়যাত্রার অংশী হতে চাই”।

লিয়েন্ডার পেজের রাজনীতিতে পদার্পণ সকলকেই যে চমকে দিয়েছে, তা বলাই বাহুল্য। কারণ লিয়েন্ডার শুধুমাত্র গোয়ার মুখ নন, গোটা দেশের হয়ে বিশ্বের দরবারে তিনি প্রতিনিধিত্ব করেছেন। আর সেই লিয়েন্ডারই এখন তৃণমূলে। গোয়ায় গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড়সড় বোমা ফাটালেন, এখন সের চর্চাই চলছে রাজ্য রাজনীতিতে।

আরও অন্যান্য খবর