কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর যাবেন? চলবে বিশেষ মেট্রো, জেনে নিন বিস্তারিত

কালীপুজোর রাতে চালানো হবে বিশেষ মেট্রো। এই বিশেষ মেট্রোটি যাবে দক্ষিণেশ্বরের উদ্দেশে। কালীপুজোর রাতে ভক্তরা যাতে মা ভবতারিণীর দর্শন করতে পারেন এই কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে। সেদিন এমনিতে কম মেট্রো চললেও রাতের দিকে চালানো হবে একটি বিশেষ মেট্রো, যা যাবে দক্ষিণেশ্বর।

মেট্রো রেল সূত্রে খবর অনুযায়ী, কালীপুজোর দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার রাত ১০টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা হবে একটি বিশেষ মেট্রো। এই মেট্রোটি দক্ষিণেশ্বর পৌঁছোবে রাত ১১টা ৩ মিনিটে। তবে সেদিন মেট্রো কমই চলবে। ২৬৬টির বদলে ২২৫টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে। আপের দিকে চলবে ১০৮টি মেট্রো, অন্যদিকে ডাউনের দিকে চলবে ১০৭টি ট্রেন। কালীপুজো উপলক্ষ্যে এবছর মেট্রোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

ইতিমধ্যেই কালীপুজোর আগে আজ, রবিবার থেকেই স্বাভাবিক হয়ে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ মেন শাখায় যতগুলি ট্রেন চলার কথা, ততগুলি ট্রেনই চলবে। তবে এই পরিস্থিতিতে কালীপুজোর দিন চলবে বিশেষ মেট্রো।

এই বিশেষ মেট্রো চালানো হলে একদিকে যেমন উত্তর ও দক্ষিণ কলকাতার মানুষ দক্ষিণেশ্বরে আসতে পারবেন, তেমনই দমদম থেকেও শহরতলির মানুষ দক্ষিণেশ্বর যেতে সক্ষম হবেন। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কী ধরণের বিধিনিষেধ থাকবে, তা এখনও জানানো হয়নি।

আরও অন্যান্য খবর