কালীপুজোর দিনই বাংলার বুকে ফের ফিরছে রঘু ডাকাত, সৌজন্যে দেব, জোর চর্চা টলিপাড়ায়

কালী ঠাকুর ও রঘু ডাকাত, বাংলার ইতিহাসে যেন এক রোমাঞ্চকর সময়। পুরনো ইতিহাস বলে হুগলী জেলার মগরায় রয়েছে বাসুদেবপুর গ্রাম। সেই গ্রামেই প্রতিষ্ঠা করা হয়েছিল একটি এক চূড়া বিশিষ্ট কালীমন্দির। এই মন্দির নাকি প্রতিষ্ঠা করেন রঘু ডাকাতের ভাই বুধো ডাকাত। এই মন্দিরই পরে রঘু ডাকাতের মন্দির হিসেবে জনপ্রিয় হয়।

তবে এখন সেই মন্দিরের অস্তিত্ব আর নেই। যেমন বাংলার বুকে রঘু ডাকাতেরও আর অস্তিস্ত্ব নেই। রঘু ডাকাত, যে কী না দিনে একজন সামান্য দিনমজুর। কিন্তু রাত নামলেই সে ডাকাতি করত ধনী বাড়িতে আর সেই ধনসম্পদ বিলিয়ে দিত গরীবদের মধ্যে।

টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, এবার সেই রঘু ডাকাতই ফের ফিরছে বাংলায়। নেপথ্যে অভিনেতা দেব অধিকারী ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কলকাতার এক প্রথম সারির প্রযোজনা সংস্থা এই ছবির প্রযোজনা করছে বলে খবর। দেব ও ধ্রুবর জুটিতে পুজোর সময় মুক্তি পাওয়া ‘গোলন্দাজ’ বেশ ভালোই ব্যবসা করেছে।

এর জেরেই অনুপ্রাণিত হয়ে কী এবার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন অভিনেতা-পরিচালক? উত্তর জানা সম্ভব হয়নি। কারণ, ‘গোলন্দাজ’-এর সাফল্য উদযাপনে দেব আইসল্যান্ডে। টলিপাড়ায় খবর, কালী পুজোর দিন অর্থাৎ, বৃহস্পতিবার ৪ নভেম্বরই এই ছবির কথা ঘোষণা করল প্রযোজনা সংস্থা। এই ছবিতেই দেব ফিরছেন ‘রঘু ডাকাত’ হয়ে।

বলে রাখি, ১৯৫২ সালে গিরিন রায়চৌধুরী একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিরও নাম ছিল ‘রঘু ডাকাত’। নানান ভূমিকায় অভিনয় করেছিলেন দীপক মুখোপাধ্যায়, চন্দ্রাবতী দেবী, নীতিশ মুখোপাধ্যায়, জীবেন বসুর মতো শিল্পীরা।

দেব ও ধ্রুব্র রসায়ন প্রথম থেকেই চোখে পড়ার মতো। ‘গোলন্দাজ’ ছবিতে পরিচালক ফুটবল, দেশপ্রেম ও প্রেমকে একই সুতোয় বেঁধেছিলেন। সোশ্যাল মিডিয়ার জেরে এই ছবির গল্প সকলেরই মোটামুটি জানা। ‘গোলন্দাজ’-এর সাফল্যের পর এবার রঘু ডাকাত নিয়ে সেরকম সাফল্য আসে কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles