বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে যে রাজ্যের পুলিশ, প্রশাসন নাকি শাসকদলের হাতের পুতুল। তৃণমূলের কথাতেই কাজ করে রাজ্যের পুলিশ। তবে শাসকদলের তরফে মন অভিযোগ সর্বদাই নাকোচ করে দেওয়া হয়েছে। তবে এবার এমন এক অডিও ক্লিপ সামনে এল যা শুনে বিরোধীদের অভিযোগেই যেন সিলমোহর পড়ল।
মুর্শিদাবাদের তৃণমূল ব্লক সভাপতি রাকিবুল ইসলাম ও এক স্থানীয় পুলিশের ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ সামনে এসেছে। তাতে শোনা যাচ্ছে যে তৃণমূল নেতার হুমকিতে রীতিমতো ভয় পাচ্ছেন সেই পুলিশ আধিকারিক।
বঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে তার ভাইকে ধরার জন্য পুলিশকে শানানি দিচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি রাকিবুল ইসলাম।
তৃণমূল নেতার অভিযোগ পুলিশ নাকি তাঁর ভাইয়ের কলার ধরে থানায় নিয়ে আসছিল। এর পাল্টা পুলিশ আধিকারিক বলেন যে তিনি তাঁর ভাইয়ের কলার ধরেন নি। তবে হ্যাঁ, তাকে থানায় নিয়ে আসার উপক্রম করা হচ্ছিল। তবে যখন তারা জানতে পারেন যে তিনি রাকিবুল ইসলামের ভাই, সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু একথা মানতে নারাজ তৃণমূল নেতা। তিনি বলেন তাঁর ভাই মিথ্যে বলছে না। পুলিশ তার কলার ধরে টেনেছে। আর এরপরই পুলিশ আধিকারিককে নানাভাবে শাসাতে থাকেন ওই তৃণমূল নেতা। এও বলেন যে তিনি চাইলে তাঁর চাকরি খেয়ে নিতেও পারেন। কিন্তু পুলিশ আধিকারিকের দাবী মাস্ক না পরার জন্য ভাইকে ধরা হয় ঠিকই, কিন্তু তাকে চিনতে পেরে ছেড়ে দেওয়া হয়।
এই অডিও ক্লিপে পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় গালাগালি দেওয়াও হয়েছে তৃণমূল নেতার তরফে, এমনটাও শোনা গিয়েছে। তৃণমূল নেতার হুমকির জেরে পুলিশ আধিকারিকের এমন ভয় পাওয়ার অডিও ক্লিপ সামনে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল।





