করোনা পরিস্থিতির কারণে অনেক ছোটো-বড় গায়ক-গায়িকারাই নিজেদের ইউটিউব চ্যানেল খুলে ছিলেন। তাদের গান যাতে তাদের শ্রোতাদের কাছে পৌঁছয়, এই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সেই তালিকাতে নাম লেখালেন গায়ক-সুরকার রূপঙ্কর বাগচিও। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার বেড়ে দাঁড়াল ১৮০০০-এ।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে রূপঙ্কর জানান যে আগে অ্যালবামের যুগে তিনি একাধিক গানে সুর দিতে পারতেন। কিন্তু এখন সেই অ্যালবামের যুগ আর নেই। তাই কেউ আর তাঁকে এখন গানে সুর দিতেও ডাকেন না।
এই কারণেই নিজের ইউটিউব চ্যানেল খুলে নিজের গান প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন গায়ক-সুরকার। তিনি এদিন এও জানান যে টলিউডের কোনও ছবির গানে সুর দিতেও সেভাবে সুযোগ পাচ্ছেন না তিনি।
এদিন বেশ আক্ষেপের সুরেই রূপঙ্কর জানান যে ২০১৬ সালে তিনি নিজের এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন। তবে সেই থেকে এখনও পর্যন্ত ইউটিউব থেকে তিনি আয় করেছেন মাত্র আড়াই হাজার টাকা। এই কারণে একসময় তিনি ভেবেছিলেন যে ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেবেন। তবে শেষ পর্যন্ত মত বদলান। নিজের গান প্রচারের জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মকেই বেছে নিলেন রূপঙ্কর।
পাশাপাশি তিনি আরও জানান যে এসভিএফ, আশা অডিওর মত প্রযোজনা সংস্থা তার প্রমোশন করে না। এই কারণে তাঁর গান শ্রোতার কাছে শেষ পর্যন্ত পৌঁছে উঠতে পারে না। তাই এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অনুরাগীদের নিজের চ্যানেল সাবস্ক্রাইব করার আবেদন জানিয়েছেন রূপঙ্কর। তাঁর সমস্ত পুরনো এবং নতুন গান এই ইউটিউব চ্যানেলেই শুনতে পাবেন তাঁর অনুরাগীরা, এও জানান রূপঙ্কর।





