২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র তিনটি আসন পাবে। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে একটিও আসন পাবেন না। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও ভোটে হারবেন। একটি অডিও ক্লিপে (সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭) এমনটাই দাবী করতে শোনা গেল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে।
ভাইরাল এই অডিও ক্লিপে দু’জন ব্যক্তির কথোপকথন শোনা গিয়েছে। এক ব্যক্তি নিজেকে বিজেপি নেতা হিসেবে দাবী করেছেন। অপরপ্রান্তে যিনি ছিলেন, তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র বলে দাবী করা হয়েছে। অডিও ক্লিপে সৌমিত্রকে বলতে শোনা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনটি আসন পাবে বিজেপি। দার্জিলিং এবং উত্তরবঙ্গের দুটি আসন নিশ্চিত গেরুয়া শিবিরের। যে বিজেপি ২০১৯ সালে ১৮টি আসন পেয়েছিল। বরং ৩৯টি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস।
এই অডিওতে সৌমিত্রকে এও বলতে শোনা যায় যে বিষ্ণুপুরেও আদৌ তিনি জিততে পারবেন কী না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর। তবে আপাতত তিনি শুধুমাত্র নিজের এলাকাতেই থাকবেন। এর পাশাপাশি তাঁকে এও বলতে শোনা যায় যে বাংলা থেকে যে চারজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র কাজের হলেন শান্তনু ঠাকুর।
সৌমিত্রের দাবী, বিজেপি নাকি বাংলায় হিন্দুদের মধ্যে ভাগ আনছে। নিশীথের নাম উল্লেখ করে তিনি বলেন যে কোচবিহার থেকে নিশীথ হেরে যাবেন। তিনি মন্ত্রী হওয়ায় বিজেপির কোনও লাভ হয়নি বলেই মত তাঁর।
এছাড়াও, এই অডিও ক্লিপে শুভেন্দু ও দিলীপ ঘোষের বিরুদ্ধে নানান অভিযোগ আনতে শোনা যায় সৌমিত্রকে। তিনি বলেন যে শুভেন্দু পূর্ব মেদিনীপুরে একটি আসনেও জিতবেন না। এর পাশাপাশি তিনি এও বলেন যে দিলীপ ঘোষ নিজের বুথে হেরে গিয়েছেন, নিজের পঞ্চায়েতে হেরেছেন তিনি।





