আর পাঁচটা দিনের মতোই ঘাটে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু কে জানত যে জাল টানতেই ঘুরে যাবে ভাগ্যের চাকা। সত্যিই এমন এক ঘটনা ঘটল এক মৎস্যজীবীর সঙ্গে।
এমন ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুরের কালনা ঘাটে। নদিয়ার এই ভাগীরথী নদী থেকে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল ৫০ কেজি ওজনের একটি মাছ। সখা বর্মণ নামের এক মৎস্যজীবীর জালেই ধরা পড়েছে এই অতিকায় মাছটি।
মৎস্যজীবীদের কথায় এই মাছটির গায়ে ভারতীয় সেনা জওয়ানদের পোশাকের মতো ছাপ রয়েছে। এই কারণে তারা এই মাছের নাম দিয়েছেন মিলিটারি মাছ। তবে আসলে এই মাছ বাগার মাছ নামে পরিচিত। স্থানীয় মৎস্যজীবীদের অনুমান অনুযায়ী এই মাছের দাম হবে প্রায় ২৬ থেকে হাজার ২৭ হাজার মতো।
সখা বর্মণ ভাবতেও পারেন নি যে এত বড় মাছ জালে ধরা পড়বে। অন্যান্য দিনের মতোই রুই-কাতলা তুলতেই তিনি জাল ফেলেছিলেন নদীতে। হঠাৎই অনুভব করেন যে এক বিশাল আকারের মাছ জালে ধরা পড়েছে। জাল টানতেই সকলের চক্ষু চড়কগাছ। বিরল প্রজাতির মাছ জালে ধরা পরার খবর ছড়িয়ে পড়তেই তা দেখার জন্য মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমান স্থানীয়রা।
দীর্ঘদিন পর কিছু লাভের মুখ দেখার আশা জেগেছে সখা বর্মণের মনে। তবে এক প্রৌঢ় মৎস্যজীবী জানান যে আজ থেকে প্রায় পঁচিশ-ত্রিশ বছর আগে ভাগীরথীতে এমন বড় আকারের মাছ ধরা পড়ত। ফের এত বছর পর এমন বড় আকারের মাছ জালে ওঠায় বেশ খুশি মৎস্যজীবীরা।





