সামান্য ভুল বোঝাবুঝি, আর সেই থেকেই দূরত্ব, বিয়ের এক বছর কাটতে না কাটতেই বিচ্ছেদ নীল-তৃণার?

টলিপাড়ার জনপ্রিয় জুটি হলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন তারা। দীর্ঘ দশ বছরের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন নীল-তৃণা। তবে এখনও পর্যন্ত একসঙ্গে কোনও ধারাবাহিক বা ছবিতে দেখা যায়নি তাদের।

একদিকে তৃণা এখন ব্যস্ত স্টার জলসার ‘খড়কুটো’ নিয়ে। সেখানে গুনগুন ও সৌজন্যের রসায়নে মজে দর্শক। সম্প্রতিই এই ধারাবাহিকের টিম শুটিং সেরে এসেছে পাহাড় থেকে।

আর অন্যদিকে নীল ব্যস্ত জি বাংলার ‘কৃষ্ণকলি’ ও ‘উমা’ ধারাবাহিক নিয়ে। দুটি ধারাবাহিকেই নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতি, ‘কৃষ্ণকলি’তে নিখিলের চরিত্রে সেভাবে দেখা মিলছে না নীলের। তিনি এখন পুরো সময়টাই দিচ্ছেন ‘উমা’তে।

তবে হাজার ব্যস্ততা থাকলেও, নীল ও তৃণা কিন্তু সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। তাদের রসায়ন চোখে পড়ার মতোই। কিছুদিন আগেই গোয়া থেকে ঘুরে এসেছেন এই জুটি। কিন্তু সেই গোয়াতে গিয়েই গণ্ডগোল। সেখানেই নীল ও তৃণার মধ্যে বাড়ল দূরত্ব। আর সেকথা সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়েওছেন এই জুটি।

নীলের শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল বলছেন, “সামান্য ভুল বোঝাবুঝি দূরত্বের কারণ হয়ে যায়”। আর এরপরই দেখা গেল নীল ও তৃণার মধ্যে তুমুল কথা কাটাকাটি হচ্ছে। এরপর নীল একদিকে ও তৃণা অন্যদিকে হেঁটে চলে যান। এই ভিডিও সামনে আসতেই তাদের অনুরাগীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাহলে কী বিয়ের এক বছরের মধ্যেই নীল ও তৃণার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল?

না, ঘাবড়ানোর কোনও দরকার নেই। এটি আসলে একটি রিল ভিডিও। এই ভিডিও পোস্ট করে নীল ক্যাপশন দিয়েছেন, “এর সঙ্গে মিল খুঁজে পাচ্ছ”। আসলে এরকম ঘটনা আমাদের জীবনে ঘটেই থাকে, এই কারণেই এমন ক্যাপশন।

তাদের এই ভিডিও দ্রুত গতিতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাদের এই রিল ভিডিওতে যশরাজ ফিল্মসের তরফে লাইক দেওয়া হয়েছে। তবে নীল ও তৃণার অনুরাগীরা নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের প্রিয় এই জুটির মধ্যে কোনও ধরণের ভাঙন বা বিচ্ছেদ হয়নি।

RELATED Articles