জল্পনাই সত্যি! অনস্ক্রিন দেওরের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন ইপ্সিতা, অর্ণবের সঙ্গে বিয়ের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী

সম্প্রতি দিদি নম্বর ওয়ান-র সেটে হাজির হয়েছিলেন ‘আলো-ছায়া’ ধারাবাহিকের অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। এদিন তিনি কার্যত স্বীকার করেই নেন যে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে নিয়ে যে গুজব রটছে, তা সত্যি। তবে অনেক অনুরোধ সত্ত্বেও অর্ণবের নাম মুখে আনেন নি তিনি।

‘আলো-ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই অর্ণবের সঙ্গে আলাপ ইপ্সিতার। সেই ধারাবাহিকে অর্ণবকে দেখা যায় আকাশের চরিত্রে। আলো অর্থাৎ অভিনেত্রী দেবাদৃতা বসুর বিপরীতে অভিনয় করেন তিনি। এই ধারাবাহিকেই অর্ণবের বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন ইপ্সিতা। সেখান থেকেই ধীরে ধীরে গভীর হয় তাদের বন্ধুত্ব। তাদের দুজনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অবশ্য অনুরাগীরা সন্দেহ করেছিলেন অনেক আগে থেকেই।

ইপ্সিতা সরাসরি অর্ণবের নাম নাম না নিলেও স্বীকার করে নেন যে তিনি প্রেম করছেন। তার প্রেমের দুবছর বয়স হতে চলল, এও জানান অভিনেত্রী। এমনকি হবু বরের বাড়ি যাতায়াতও রয়েছে তাঁর।

বিয়ের কথা জিজ্ঞাসা করলেও বেশ গুছিয়ে উত্তর দেন ইপ্সিতা। জানান, এখন বিয়ে করতেও তাঁর কোনও সমস্যা নেই, আবার পরে বিয়ে করলেও হবে। এখন অভিনয় নিয়েই রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করছেন তিনি। এই কারণে বিয়ের আগে নিজেদের জায়গাটা আরো বেশি শক্ত করে নিতে চান ইপ্সিতা।

‘আলো-ছায়া’ ধারবাহিক শেষ হওয়ার পর অর্ণবকে দেখা গিয়েছিল ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ছোটুর চরিত্রে। তাদের এই সম্পর্কে ইপ্সিতা ও অর্ণব, দুই পরিবারেরই সায় রয়েছে। প্রথমে লজ্জা পেলেও রচনাকে সবটাই খুলে বলেন অভিনেত্রী। এও জানান যে ঘরের কাজকর্ম শিখে ফেলেছেন তিনি। অতএব বিয়ের পর কোনও সমস্যা হওয়ার কোনও ব্যাপারই নেই।

RELATED Articles