‘নিজেদের আইসোলেটেড রাখুন, মনে মনে মেলামেশা করুন’, বড়দিনের উৎসবের সূচনা করে ওমিক্রন নিয়ে সতর্কতা মমতার

আজ, সোমবার পার্কস্ট্রিটের অ্যালান পার্কে বড়দিনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান যে নানান পুলিশ কমিশনারেট এলাকায় উৎসব পালন করা হবে। রাজ্যের নানান জেলায় চার্চ রয়েছে। বড়দিনে তা আলোকময় হয়ে উঠবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘পিস ইস দ্য মেন্টাল সলিউশন’।

তবে তিনি এও বলেন যে উৎসবের মধ্যেও বিধিনিষেধ ভুলে গেলে চলবে না। করোনা নিয়মবিধি সকলকে মেনে চলার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, ও অন্যান্য বিধিও যে মানতে হবে, এও সতর্ক করে দেন তিনি।

এদিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে গোটা রাজ্য ও দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি নিজেও ২৪ তারিখ রাতের প্রার্থনায় থাকব। প্রতি বছরই থাকি। কলকাতা ও রাজ্য সরকারের তরফে গোটা দেশ গোটা বিশ্বের মানুষকে ক্রিসমাসের শুভেচ্ছা। ফ্রম ভ্যাটিকান টু গোয়া, গোয়া টু কলকাতা”।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। আগাম হ্যাপি নিউ ওয়ার জানাই। ২০২২ সাল যেন খুব ভাল যায়। সব মানুষ যেন ভাল থাকেন। অনেককে কোভিডে আমরা হারিয়েছি। ডাক্তার, নার্স, পুলিশ সমস্ত কোভিড যোদ্ধাদের আমরা সম্মান জানাই”।

ওমিক্রন নিয়ে সতর্ক করে মমতার উবাচ, “এখন ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে। এটা বেশি ছড়ায়। বাইরে থেকে ইতিমধ্যেই ভারতবর্ষে বেশ কয়েকটা কেস এসেছে। তাঁদেরও অনুরোধ করব নিজেদের আইসোলেট রাখুন। পরিবারের সঙ্গে বেশি মেলামেশার দরকার নেই। মনে মনে করবেন, কিন্তু স্পর্শটা এড়িয়ে চলুন পরিবারকে রক্ষা করার জন্য। যখন বিমানে ৩০০-৪০০ জন যাত্রী আসছে, একজনের হলে তা কিন্তু সবাইকে ছোঁয়। ঘণ্টার পর ঘণ্টা প্লেনে বসে থাকলে ওয়াশরুম ব্যবহার করতে হয়। মাস্ক কিন্তু আমাদের পরতেই হবে। নিজেরা সতর্ক থাকুন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। কোভিড বিধি মানুন”।

আজ, সোমবার বড়দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একতার বাণী দিয়ে মমতা বলেন, “আমি খুব গর্বিত যে আমরা একতার সঙ্গে থাকি। আমরা সর্বধর্মের মানুষকেই ভালবাসি। আমরা সমস্ত জাতি, সম্প্রদায়কে সম্মান করি। উৎসব সবার, ধর্ম যারা যার। যে কেউ প্রার্থনা করতে পারেন। কেউ দুর্গার প্রার্থনা করেন, কেউ ঈশ্বরের প্রার্থনা করেন, কেউ আল্লার, কেউ গডের। একতাই শেষ কথা। আমি বিশ্বাস করি, আমাদের দেশ শক্তিশালী তখনই হবে যখন আমরা সবাই এক থাকব”।

আরও অন্যান্য খবর