দেশে এখনও পর্যন্ত একশোর বেশি ওমিক্রনে আক্রান্তের হদিশ মিলেছে। এই বিষয়টি কেন্দ্রকে বেশ ভাবাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে ওমিক্রন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে তিনগুণ বেশি সংক্রামক। সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া বিধিনিষেধ আরোপের পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে লিখেছেন, “ডেল্টার থেকে ওমিক্রন ৩ গুণ বেশি সংক্রামক। আগের থেকে অনেক বেশি তথ্য পরিসংখ্যান বিশ্লেষণের পাশাপাশি বিধিনিষেধের ব্যাপারে আরও কড়া ও দ্রুত ব্যবস্থা নিতে হবে। করোনার ডেল্টা ভ্য়ারিয়েন্ট দেশের এখনও বহু জায়গায় দেখা যাচ্ছে। ফলে এনিয়ে এখনই সচেতন হওয়া উচিত”।
রাজেশ ভূষণ আরও বলেন যে ওমিক্রনের কথা মাথায় রেখে নানান জেলায় কনটেনমেন্ট জোন ও বিধিনিষেধ আরোপ করতে হবে। যেসমস্ত জায়গায় পজিটিভিটির রেট ১০ শতাংশের বেশি, সেই জায়গায় আরও কড়া নজর রাখতে হবে। কনটেনমেন্ট, টিকাকরণ, নজরদারি, করোনা প্রোটোকল, টেস্টিং বাড়াতে হবে।
প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেন যে বর্তমানে যে টিকা দেওয়া হচ্ছে, তা যে ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী নয়, সেরকম কোনও তথ্য কেন্দ্রের কাছে নেই। এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১২৩। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র ও দিল্লিতে। এই দুই জায়গায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন।
এরপরই রয়েছে তেলঙ্গানা(২০), কর্ণাটক(১৯), রাজস্থান(১৮)। এমন পরিস্থিতি নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? এই প্রশ্নের উত্তরে মান্ডবিয়া বলেন, পরিস্থিতির উপরে নজর রেখে গত ২৮ নভেম্বরই একটি গাইডলাইন জারি করা হয়েছিল। বিদেশ থেকে আসা যাত্রীদের উপরে বিশেষ নজর রাখা হচ্ছে।





