গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই নানানভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারেও এর অন্যথা হল না। ফের মমতাকে তোপ দাগলেন শুভেন্দু। বললেন, “দলে সবাই চাকর আর উনি রানিমা’।
গতকাল, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে কৃষক বাঁচাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ শানান তিনিও। এদিন দলের নেতা-কর্মীদের নিয়ে সবংয়ে একটি বিক্ষোভ মিছিলও করেন শুভেন্দু। এরপর বিডিও অফিসের কাছে একটি বিক্ষোভ সমাবেশে সামিল হন।
সবং বিডিও অফিসের সামনে করা সেই সমাবেশ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “আমি যখন সেচমন্ত্রী ছিলাম, তখন আমাকে কাজ করতে দেয়নি তৃণমূল। কারণ এই দলে একটাই পোস্ট, সেটা হল মুখ্যমন্ত্রীর পোস্ট। আর বাকি সব ল্যাম্পপোস্ট”। মুখ্যমন্ত্রীর নাম না করেই শুভেন্দু কটাক্ষ করে বলেন, “দলে সবাই চাকর আর উনি রানিমা”।
কেন্দ্রের থেকে কৃষকদের করা সাহায্য নিয়ে শুভেন্দুর মন্তব্য, “কেন্দ্রের মোদী সরকার বাংলার কৃষকদের জন্য ৬ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। কিন্তু দিদিমণি এখনও কৃষকদের নামের তালিকাই পাঠান নি। কিছু মানুষের নাম পাঠিয়েছে, তাঁরা তৃণমূল করে বলে”। এদিন শুভেন্দুর আরও সংযোজন, “দিদিমণির গড়িমসির কারণেই কেন্দ্রের দেওয়ার ক্ষতিপূরণ ও সঠিক মূল্য পায়নি কৃষকরা”।





