জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। বিগত কয়েক মাস ধরেই টিআরপির শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। মিঠাইকে এক নম্বর থেকে টলানো যেন অসম্ভব। প্রথম থেকেই দর্শকের মন জয় করেছে মিঠাই। মিঠাই ও সিদ্ধার্থ ওরফে সিডের রসায়ন দেখে মুগ্ধ দর্শক।
মিঠাই ও সিডের মিষ্টি ঝগড়া, রাগারাগি, সবকিছুই বেশব উপভোগ করে দর্শক। মিঠাইকে স্ত্রী বলে মেনে নিয়েছে সিড। ধীরে ধীরে পরিণতি পাচ্ছে সিড ও মিঠাইয়ের সম্পর্ক। সিডের মনেও মিঠাইয়ের জন্য ভালোবাসা আছে ঠিকই, কিন্তু তা মুখে মানবে কী সিড? কভি নেহি।
সম্প্রতি, ধারাবাহিকে এসেছে নতুন মোড়। মিঠাই ও সিডের সম্পর্কের সঙ্গে সঙ্গে যেন সিড ও তাঁর বাবা সমরেশের সম্পর্কও একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। সমরেশের দুর্দিনে উপযুক্ত ছেলের মতো বাবার পাশে দাঁড়িয়েছে সিড। কিন্তু এর মধ্যেই মিঠাই-সিডের বিচ্ছেদ।
সম্প্রতি এপিসোডে দেখা গিয়েছে যে সিড কিছুদিনের জন্য অফিসের কাজে মুম্বই যাচ্ছে। এ নিয়ে মন খারাপ মিঠাইয়ের। সামনেই আবার আসছে ক্রিসমাস। সেই সময় সিড থাকবে না মিঠাইয়ের কাছে। কিন্তু তেমনটা আবার হয় নাকি? সান্তাক্লজ আছে না, সে তো সকলের মনের ইচ্ছাপূরণ করে। তাহলে মিঠাইয়ের ইচ্ছাও কী তবে পূরণ করবে সান্তাক্লজ?
প্রকাশ পেয়েছে মিঠাইয়ের নতুন প্রোমো। তাতে দেখা যাচ্ছে, মোদক বাড়ির সকলে বড়দিন উপলক্ষ্যে সান্তাক্লজের কাছে তাদের ইচ্ছার কথা জানাচ্ছে। কিন্তু দাদাই লক্ষ্য করেন মিঠাই সান্তাক্লজের কাছে কিছুই চাইল না। এমন সময় দাদাইকে বলতে শোনা যায়, “আমি জানি মিঠাই তোর মনের ইচ্ছা কী”!
আর এরপরই ধামাকা। মোদক বাড়ির বাইরে অপেক্ষা করে মিঠাইয়ের জন্য উপহার। কিন্তু কী সেই উপহার? উপহারের বাক্স খুলতেই হতবাক হয়ে যায় মিঠাই। উপহার হিসেবে বেরিয়ে আসে স্বয়ং সিড। যা দেখে বেশ হেপ্পি হয়ে যায় আমাদের মিঠাইরানি। ‘মিঠাই’-এর এই নতুন প্রোমো দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকও।





