জন্মদিনের আগেই বিপত্তি ভাইজানের, মধ্যরাতে সাপের কামড় খেলেন সলমন, হাসপাতালে ভর্তি করতে হল অভিনেতাকে

সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হলেন সলমন খান। গতকাল, শনিবার বড়দিনের ছুটি কাটাতে পনভেলে নিজের ফার্ম হাউজ গিয়েছিলেন অভিনেতা। সেখানেই গভীর রাতে তাঁকে সাপে কামড়ায়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

নভি মুম্বইয়ের কামোথে এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। তবে জানা গিয়েছে, সাপটি বিষহীন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে। তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

কিন্তু কীভাবে ঘটল এই বিপত্তি?

জানা গিয়েছে, ফার্ম হাউজের সামনের বাগানে বেশ ঝোপজঙ্গল রয়েছে। সেখানেই সম্ভবত ছিল সাপটি। ঘটনার সময় সলমন নিজের বন্ধুদের সঙ্গে বাগানের কাছে বসেই কথা বলছিলেন। সেই সময় আচমকাই তাঁকে কামড় বসায় সাপটি। এরপর তড়িঘড়ি ভাইজানকে হাসপাতালে ছোটেন তাঁর বন্ধুরা।

সাপটি বিষহীন হলেও চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি। কামড়ের জায়গা যাতে কোনও ভাবে বিষিয়ে না যায়, এই কারণে অভিনেতাকে ভালো করে পর্যবেক্ষণে রাখা হয়। সারারাত হাসপাতালে রাখা হয়েছিল সলমনকে। আজ সকাল ৮টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেই ফের ফার্ম হাউসে ফেরেন তিনি।

এই মুহূর্তে ‘বিগ বস’-এর সঞ্চালনায় ব্যস্ত সলমন। সদ্যই শেষ করেছেন ‘টাইগার থ্রি’-এর শুটিং। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ। এছাড়াও তিনি নিজের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ নিয়েও বেশ ব্যস্ত।

আগামী সোমবারই সলমনের জন্মদিন। কিন্তু এর আগেই এমন বিপত্তি। তবে সেকরম কোনও বিপদ না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর ভক্তরা। এদিকে পরিচালক, প্রযোজকরাও বেশ নিশ্চিন্ত।

RELATED Articles