ক্রমেই বাংলাতেও বাড়ছে ওমিক্রন আতঙ্ক, ফের কড়া বিধিনিষেধের পথে হাঁটতে পারে রাজ্য, ইঙ্গিত মমতার

বাংলায় ওমিক্রন ঢুকে পড়েছে, কিন্তু মানুষ উৎসবের আনন্দে গা ভাসিয়েছে। ২৫শে ডিসেম্বর বড়দিনের দিন পার্কস্ট্রিটে মানুষের যে ঢল নেমেছিল, তা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন বিশেষজ্ঞ মহল। এমন পরিস্থিতিতে এবার কড়া বিধিনিষেধের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওমিক্রন নিয়ে সতর্ক করতে মুখ্যমন্ত্রী। প্রশাসনকে ইঙ্গিতও দেন তিনি। তিনি বলেন, “কোভিডকে মাথায় রেখো। বাইরে থেকে সব নিয়ে চলে আসছে। সেটা মনে হয় একটু রেস্ট্রিকশন… আবার মনে হয়, ওদিকে যেতে হতে পারে আমাদের একটু বিধিনিষেধের দিকে যেতে হতে পারে”।

তিনি আরও যোগ করে বলেন, “এখনও কিছু হয়নি। কিন্তু কিছু কিছু কেস আসছে বাইরে থেকে। ধরো একটা প্লেন আসছে। একজনের ধরা পড়েছে। কিন্তু আসছেন তো আরও ৩০০ জন। সেই ৩০০ জনন গিয়ে মিলছেন আরও তিন হাজার জনের সঙ্গে। সুতরাং, এটা আমাদের দেখতে হবে। এখন থেকে সতর্ক হতে হবে”।

এর আগেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ওমিক্রন নিয়ে সতর্ক করেছেন। বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েও তিনি বলেছিলেন, “অনেককে কোভিডে আমরা হারিয়েছি। ডাক্তার, নার্স, পুলিশ সমস্ত কোভিড যোদ্ধাদের আমরা সম্মান জানাই। এখনও ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে। এটা বেশি ছড়ায়। বাইরে থেকে ইতিমধ্যেই ভারতবর্ষে বেশ কয়েকটা কেস এসেছে। তাঁদেরও অনুরোধ করব নিজেদের আইসোলেট রাখুন। পরিবারের সঙ্গে বেশি মেলামেশার দরকার নেই। মনে মনে করবেন, কিন্তু স্পর্শটা এড়িয়ে চলুন পরিবারকে রক্ষা করার জন্য। যখন বিমানে ৩০০-৪০০ জন যাত্রী আসছে, একজনের হলে তা কিন্তু সবাইকে ছোঁয়। ঘণ্টার পর ঘণ্টা প্লেনে বসে থাকলে ওয়াশরুম ব্যবহার করতে হয়। মাস্ক কিন্তু আমাদের পরতেই হবে। নিজেরা সতর্ক থাকুন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। কোভিড বিধি মানুন”।

বাংলায় ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে এবার প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীদের মাস্ক পড়ার কথা বলেন তিনি। তবে গঙ্গাসাগরের মেলায় সামাজিক দূরত্ব আদৌ কতটা মানা হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রীও। তাঁর কথায়, “ফিজিক্যাল ডিসট্যান্সিং কতটা মানা হবে জানি না। যেহেতু কোভি সিচুয়েশন আছে, যেন প্রবলেম না হয়, সেটা দেখতে হবে”।

RELATED Articles