আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, নতুন বছরের শুরুতেই চোখ রাঙাতে পারে পশ্চিমী ঝঞ্ঝা, কেমন থাকবে শীত?

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত পড়লেও, শেষের দিকে যেন সেভাবে শীতের আমেজ নেই শহরে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এক-দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষণের পূর্বাভাস।

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  কমে দাঁড়িয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের থেকে তাপমাত্রা কমলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আলি আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে যে আগামী দু’দিনে তাপমাত্রার সেভাবে হেরফের হবে না। তবে পরবর্তী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে।

জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আট জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে।

এরই মধ্যে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি ও শেষের দিকে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনাও রয়েছে। এর কারণে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে তাপমাত্রা বাড়বে। তবে জাঁকিয়ে শীত উপভোগ করার জন্য রাজ্যবাসীকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

RELATED Articles