আজ, সোমবার থেকে শুরু হয়েছে সংসদে বাজেট অধিবেশন। এদিন অধিবেশনে নিজের বক্তব্যের শুরুতেই বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মোদী সরকারের নানান প্রকল্পের প্রশংসা করার পাশাপাশি বাংলার অন্যতম ঐতিহ্যকে স্বীকৃতির কথাও তুলে ধরেন তিনি। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার কথা এদিন অধিবেশনে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
তাঁর কথায়, বাংলার এই স্বীকৃতিতে গোটা ভারত গর্বিত। এই কথাকে কোনও ভাবেই অস্বীকার করতে পারলেন না খোদ রাষ্ট্রপতি। গত ডিসেম্বরেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। বিশ্বের সেরা সংস্কৃতি বিভাগের তালিকায় দুর্গাপুজো স্থান পেয়েছে। গত আগস্ট মাসে পশ্চিমবঙ্গের তরফে দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পাওয়ানোর জন্য আবেদন করা হয়েছিল।
বলে রাখি, ২০০১ সাল থেকে দেশের একাধিক রাজ্যের সংস্কৃতি ও উৎসব নিয়ে একটি সমীক্ষা শুরু করে ইউনেস্কো। এই সমীক্ষা অনুযায়ীই, দুর্গাপুজোকে হেরিটেজের তালিকায় স্থান দেওয়া হয়। এই ঘটনাকে বাংলার জয় বলে মনে করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলার এই স্বীকৃতির কথাই এদিন বাজেট অধিবেশনে উল্লেখ করলেন তিনি।
এছাড়াও এদিন রাষ্ট্রপতি এও বলেনব যে মোদী সরকারকৃষক উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। তাঁর কথায়, “রবি শস্য উৎপাদনের সময় সরকার ফসল কিনেছে। তাতে উপকৃত হয়েছে ৫০ লক্ষ কৃষক। খারিফ শস্য উৎপাদনের সময়, যে পরিমান ধান কিনেছে সরকার, তাতে উপকৃত হয়েছে ১ লক্ষ ৩০ হাজার কৃষক”।
শুধু তাই-ই নয়, মোদী সরকারের জনধন যোজনা প্রকল্প ও ইউপিআই বা ডিজিটাল অর্থনীতি প্রসারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, “৪৪ কোটি ভারতবাসীর জনধন অ্যাকাউন্ট থাকায় করোনা-কালে তাঁরা সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়েছেন”। এদিন তিনি এও উল্লেখ করেন যে ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত দেশে ইউপিআই মাধ্যমে ৮ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে।






