এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। এবার বাংলার দর্শকরা তো বটেই, ওপার বাংলার দর্শকরাও মিঠাই জাদুতে মুগ্ধ। বাংলাদেশি সময় রাত সাড়ে ৮টার সময় ওপার বাংলায় দেখা মেলে মিঠাইয়ের। কিন্তু রবিবার রাতের পর্ব দেখে যেন বাংলাদেশি দর্শকের আনন্দের তাল কাটল।
এদিনের এই পর্বে দেখাজায় সিদ্ধেশ্বর মোদক অর্থাৎ দাদাইকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোদক পরিবার খুশিতে ডগমগ। কিন্তু এই খুশিতে জল ঢালতে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ওমি আগরওয়াল। ফের কী তবে সিদ্ধার্থ ও ওমির মধ্যে কোনও ঝামেলা বাঁধবে?
এসবের মধ্যেই অনুষ্ঠানে শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত হিসেবে গাওয়া হয় রবীন্দ্রসঙ্গীত ‘আমার সোনার বাংলা’। তবে দেখা যায়, এই গানটি উপস্থাপনার সময় সকলেই দর্শকাসনেই বসে রয়েছে। তবে মিঠাই যদিও একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। তবে এই গান গাওয়ার সময় বাকি সকলের পায়ে পা তুলে বসে থাকা দেখেই প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশিরা।
আসলে, ‘আমার সোনার বাংলা’ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই কারণে বাংলাদেশিদের দাবী, এই গান গাওয়ার সময় কেন সকলে বসে ছিলেন? কেন প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখানো হল না? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি দর্শক। এমনকি, এই ধারাবাহিক বয়কটের ডাকও উঠেছে।
একজন নেটিজেন লেখেন, “ওটা রবীন্দ্রনাথের গান, তাই উদ্বোধনী সংগীত হিসাবে গাইতেই পারে, তাতেও আমার সমস্যা নাই। কিন্তু নাটকের ডিরেক্টর বা অন্য কারও কি মাথায় আসে নি এটা একটা দেশের জাতীয় সংগীত। দেশকে সম্মান দেখাতে না পারুক অন্তত সংগীত চলাকালীন সবাই দারিয়ে সাম্মানটুকুন দিক। আমি ছোট মানুষ , স্বল্প জ্ঞানে এটাই বুঝি সম্মানটুকুন প্রাপ্য। আশা করি দেশে থাকা ইন্ডিয়ার ভক্তকুলগন আমায় একটু বুঝিয়ে দিয়ে বলবেন কারন বা যুক্তি”।
তবে আবার অনেক বাংলাদেশি ভক্তরাই চ্যানেল কর্তৃপক্ষ ও মিঠাই ধারাবাহিকের পাশে দাঁড়িয়েছে। তাঁদের দাবী, বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘আমার সোনার বাংলা’ গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের প্রথম ১০ চরণকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে। মিঠাইতে এই গানটি কেবল রবীন্দ্র সংগীত হিসাবেই গাওয়া হয়েছে। দর্শকদের মধ্যে কেউ বাংলাদেশি ছিল না তাই বিষয়টি নিয়ে এতটা বাড়াবাড়ি করার মানেই হয় না।





