রণক্ষেত্র পাঁচলা, আনিসকাণ্ডে বাম ছাত্রদের এসপি অফিস ঘেরাও, পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল বোমা

ফের বামেদের মিছিলে বিক্ষোভ, সংঘর্ষ। আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস অভিযান চালানো হয় পাঁচলায়। এই কর্মসূচিকে ঘিরেই রণক্ষেত্র চেহারা নিল ওই এলাকা।

জানা গিয়েছে, আজ, শনিবার বিকেল চারটে নাগাদ রানিহাটি মোড় থেকে মিছিল শুরু হয় বাম ছাত্র-যুবদের। পাঁচলায় হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের অফিসের দিকে এগোতে থাকে মিছিল। আগে থেকেই সেখানে মোতায়েন করা ছিল অতিরিক্ত পুলিশ। এসপি অফিসের সামনে বামেদের এই মিছিল আটকাতেই বেঁধে যায় সংঘর্ষ।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট, বোতল ছুঁড়তে থাকে। এরপরই শুরু হয় পুলিশের লাঠিচার্জ। লাঠিচার্জের জেরে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে বিক্ষোভকারীরা। তাদের তাড়ায় গলির মধ্যে ঢুকে পড়তে দেখা যায় পুলিশকে।

একাধিক পুলিশকর্মী আহত হয় এই ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এসপি অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। পুলিশের দিকে বোমাও ছোঁড়া হয়েছে।

গ্রেফতার শুরু করে পুলিশ। এই ঘটনায় ৬ নম্বর জাতীয় সড়ক দখল করে নেয় বিক্ষোভকারীরা। কলকাতা ও কোলাঘাটমুখী দুটি রাস্তাই বন্ধ। বিক্ষোভকারীদের হামলার জেরে পুলিশের অনেক গাড়ি গুঁড়িয়ে গিয়েছে বলে খবর।

আরও অন্যান্য খবর