রাত যত বাড়ছে, বুটের শব্দও যেন আরও বেড়ে চলেছে। কোনওমতে রাতটা কাটলে নিশ্চিন্ত। বাঙ্কারের মধ্যে থেকে একটাই প্রার্থনা ভেসে আসছিল যাতে সকালটা কোনওমতে হয়। কারণ সকালেই আসবে উদ্ধারকারী বিমান।
একদিকে রাশিয়া যখন কিয়েভের দিলে এগোচ্ছে, সেই সময় রোমানিয়া থেকে উদ্ধার করে আনা হল ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয় যে সুরক্ষিতভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কীভাবে উদ্ধার করে দেশে আনা হবে, তা নিয়ে আলোচনা করতেই গত বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেছিল বিদেশমন্ত্রক। এরপর শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয় যে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য শনিবার এয়ার ইন্ডিয়ার দুটি বিমান পাঠানো হবে।
কিন্তু ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায় প্রতিবেশী দেশ রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানীতেই এই বিশেষ বিমান অবতরণ করার পরিকল্পনা করা হয়। ইতিমধ্যেই প্রথম বিমানটি বুখারেস্ট থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বিকেল ৪টের সময় তা দেশের মাটি স্পর্শ করেছে। আটকে থাকা প্রায় ১৮ হাজার ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য এয়ার ইন্ডিয়ার তরফেই আরও কয়েকটি বিমান বুদাপেস্ট ও বুখারেস্টে পাঠানো হবে ।
ইউক্রেন ছাড়ার আগে এক ভারতীয় পড়ুয়া উদ্ধারকার্য সম্পর্কে বলেন, “ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা আমাদের সুরক্ষিতভাবেই বের করে এনেছেন। সবদিকই সামাল দিচ্ছেন তারা। বাড়ি ফেরার খবর পেয়ে স্বস্তি পেয়েছেন আমাদের মা-বাবারা। উদ্ধারকার্যের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন তারা”।
এদিন সকালে কেন্দ্রের তরফে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। তাদের নির্দেশ দেয়া হয় যাতে তারা দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কথা না বলে কোনও সীমান্তের দিকে না যায়।





