ইউক্রেনে আটকে থাকা পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল ভারতীয় পতাকা। না এটা কোনও গল্পকথা নয়, একেবারে সত্যি! গত এক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বড় শহর খারকভ অবরুদ্ধ। হাজার হাজার মানুষ প্রাণ হাতে করে পালাচ্ছে। সে দেশে আটকে রয়েছে বহু পাকিস্তানি পড়ুয়াও। তবে এবার তারা ভারতীয় পতাকার দৌলতেই ইউক্রেন থেকে বেরিয়ে আসতে পারল বলে জানা গিয়েছে।
কীভাবে ভারতের জাতীয় পতাকা পাকিস্তানি ছাত্রদের বর্ম হয়ে উঠল? সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সদ্য ইউক্রেন সীমান্ত পার হয়ে রোমানিয়ার রাজধানী বুকারেস্টে পৌঁছেছে ভারতীয় পড়ুয়াদের একটি দল।
ওই ছাত্রদের কথায়, “ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। আমরা বাড়ির পর্দা ছিঁড়ে রং মাখিয়ে তেরঙ্গা তৈরি করেছিলাম”।
ভারত সরকারের প্রশংসায় এক পড়ুয়া বলেন, “সরকার আমাদের সাহায্য করছে। তবে উদ্ধারকারী বিমানের সংখ্যা আরও বাড়িয়ে তোলা উচিত। রোমানিয়ায় ভারতীয়রা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে পদক্ষেপ করা উচিত ভারতের দূতাবাসের”।
যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে ইউক্রেনে ভারতীয় নাগরিক ছিল ২০ হাজার। তাদের মধ্যে ১২ হাজার জন দেশে ফিরে এসেছেন। ওয়ার জোনে আটকে প্রায় চার হাজার ভারতীয় নাগরিক। বাকিরা পড়শি দেশের সীমান্তের দিকে রওনা দিয়েছেন। গতকাল, মঙ্গলবার এই তথ্যই দেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকায় পড়শি রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া দিয়ে ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে। উদ্ধারকাজে মদত দিতে কেন্দ্রীয় মন্ত্রীদের ওই দেশগুলিতে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নয়া দিল্লির কূটনৈতিক পদক্ষেপের ফলে ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড।
ইতিমধ্যেই পড়শি দেশগুলি থেকে বিশেষ বিমানে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় বায়ুসেনাও আসরে নেমেছে। ইউক্রেনের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দিয়েছে এয়ারফোর্সের সি-১৭ পণ্যবাহী বিমান।





