গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের আজ, মঙ্গলবারও তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু এদিন ফের হাজিরা এড়িয়ে গেলেন তিনি। তাঁর কথায়, কলকাতা হাইকোর্টে তাঁর দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন না।
এই মর্মে আজ, মঙ্গলবার আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন অনুব্রত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি তাঁর সিবিআইয়ের নোটিশ খারিজ করার আবেদন নিয়ে মামলা করেছেন। বুধবার এই মামলার শুনানি হতে পারে। এর আগে তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে চান না বলেই চিঠিতে জানান তৃণমূল নেতা।
গতকাল, সোমবারও সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এদিন হাজিরা দেওয়ার সময়ের ঠিক আগেই হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অনুব্রত আবেদন জানান যাতে তাঁকে কলকাতার সিবিআই দফতরে গিয়ে হাজিরা না দিতে হয়। ওয়াকিবহাল মহলের মতে, সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কা থেকেই বারবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রত। আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে।
এই নিয়ে চতুর্থবার তাঁকে সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো হয়। এর আগেও তিনবার তাঁকে সিবিআই তলব করলে তিনি দু’বার অসুস্থতার কারণ দেখিয়ে ও একবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে তা এড়িয়ে যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তিনি আবেদন জানান যে তাঁকে কলকাতায় তলব না করে যাতে বোলপুর বা এর সংলগ্ন অর্থাৎ তাঁর বাড়ির কাছাকাছি কোনও জায়গায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে তা মানতে চায়নি সিবিআই। তাদের পাল্টা যুক্তি, অনুব্রত তো চিকিৎসার জন্য কলকাতায় আসা-যাওয়া করছেনই, তাহকে নিজাম প্যালেসে হাজিরা দিতে তাঁর অসুবিধা কোথায়?






