হিজাব ইসলামে বাধ্যতামূলক নয়, তা ইসলামের অভিন্ন অঙ্গ নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে কার্যত জল ঢেলে এমনটাই রায় দিল কর্ণাটক হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যেসব আবেদন করা হয়েছিল, তা আজ, মঙ্গলবার খারিজ করে দেয় আদালত।
গত ৫ই ফেব্রুয়ারি কর্ণাটক সরকার একটি নির্দেশিকা জারি করে জানায় যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা যাবে না। এরপরই সে রাজ্য উত্তাল হয়ে পড়ে। কর্ণাটকের উদুপ্পি কলেজে শুরু হয় বিক্ষোভ। এর কারণে বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় কর্ণাটক সরকার।
সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান কিছু মুসলিম পড়ুয়া। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা যাবে বলেই মামলা দায়ের করা হয় আদালতে। এই নিয়ে কর্ণাটক সরকারের বিরোধিতা করে বিরোধী দলগুলি। তবে এবার এই মামলায় কর্ণাটক হাইকোর্ট সাফ জানিয়ে দেয় যে ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়। এই রায়ের প্রেক্ষিতে যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই আগামী ২১শে মার্চ পর্যন্ত বিক্ষোভ ও বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেঙ্গালুরু পুলিশ।
হিজাব বিতর্ক নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের ব্যক্তিগত মত পোষণ করে বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম পরাই বাঞ্ছনীয়, কোনও ধর্মীয় পোশাক নয়। সেই সময় এই বিষয়টি কর্ণাটক হাই কোর্টের বিচারাধীন ছিল। তিনি এও বলেছিলেন যে আদালত যা সিদ্ধান্ত নেবে, তিনি তাই-ই মেনে নেবেন। শেষ পর্যন্ত কর্ণাটকের বিজেপি সরকারের পক্ষেই রায় দিল হাই কোর্ট।
বলে রাখি, কর্ণাটকের হিজাব বিতর্ক দেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ঢুকে পড়েছিল। এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন পাক বিদেশ মন্ত্রী থেকে নোবেলজয়ী মালালা ইউসুফজাই, বিখ্যাত ফুটবলার পল পোগবাও। এমনকী হিজাব বিতর্কে ভারতের সমালোচনা করেছিল আমেরিকাও। তবে বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।





