ইউক্রেনে রাশিয়া যুদ্ধ ঘোষণা করার পরই রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। সে দেশ থেকে তেল ও অন্যান্য জিনিস আমদানিতে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করায় বেশ সমস্যার মুখে পড়েছে পুতিনের দেশ। শুধু আমেরিকাই নয়, অন্যান্য আরও দেশেও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এমন আবহে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা সারছে মস্কো। ভারতের তরফে জানানো হয়েছে যে রাশিয়ার থেকে অনেক কম মূল্যে অপরিশোধিত তেল ও অন্যান্য মূল্যবান জিনিস আমদানি করার কথা ভাবা হচ্ছে।
এই ব্যবসা যে রাশিয়া ও ভারত উভয়পক্ষের জন্যই লাভজনক হবে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। আসলে, দেশের চাহিদার ৮০ শতাংশই ভারত আমদানি করে অন্যান্য দেশ থেকে। এর মধ্যে রাশিয়া থেকে আসে মাত্র ২ থেকে ৩ শতাংশ জিনিস। বর্তমানে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে।
এর ফলে ভারত সরকার যদি কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও অন্যান্য দ্রব্য আমদানি করতে পারে, তাহলে ভারতবাসীর উপর মুদ্রাস্ফীতির চাপ পড়বে না। এই কারণেই রাশিয়ার সঙ্গে ব্যবসা শুরু করার পক্ষে ভাবনাচিন্তা শুরু করেছে ভারত সরকারও।
এই বিষয়ে ভারতের এক আধিকারিক বলেন, “রাশিয়া থেকে তেল ও অন্যান্য জিনিস অনেক সস্তায় দেওয়া হচ্ছে ফলে অন্যান্য দেশ এসবের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও আমাদের কিনতে কোন সমস্যা নেই তবে ট্যাংকার ইন্সুরেন্স সহ অনেক বিষয়ে আমাদের নজর দিতে হবে এবং এসব সমাধান হয়ে গেলে আমরা আমদানির পথে এগিয়ে যাব”।
তবে এই বিষয় নিয়ে কোনও পক্ষের তরফেই এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক। তাই দুই দেশের মধ্যে অপরিশোধিত তেল ও অন্যান্য মূল্যবান দ্রব্যের আমদানি-রফতানির সম্পর্ক দ্রুতই গড়ে উঠতে পারে।





