ইডি-র এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক, কিন্তু ঝুলি রইল শূন্যই, শীর্ষ আদালতে গৃহীতই হল না ‘ভাইপো’র মামলা

কয়লা পাচারকাণ্ডে সুপ্রিম কোর্টের কাছে বড়সড় ধাক্কা খেতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর সেই মামলা গ্রহণই করল না।

আজ, সোমবার ইডির দফতরে হাজিরা দিতে যাওয়ার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সস্ত্রীক অভিষেক। ইতিমধ্যেই ইডির দফতরে হাজিরা দিয়ে দিয়েছেন অভিষেক। ইডির তরফে তাঁকে সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে। দিল্লিতে ইডির সদর দফতরে নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজিরা দেন অভিষেক।

কয়লা পাচারকাণ্ডে ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মামলা গৃহীত হয়নি। সূত্রের খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে একটি নির্দিষ্ট পথ ধরে এগোতে হয়।

বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের তরফে জানানো হয় যে অভিষেক এই মামলা যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণের বেঞ্চে দায়ের করতে যান, সেই সময় তা গ্রহণ করা হয়নি। প্রধান বিচারপতি জানান যে সোমবার দ্রুত শুনানির আর্জি সংক্রান্ত এই মামলা দায়ের করা যাবে না আর শুনানিও হবে না। মামলা গৃহীত না হওয়ার কারণে নির্দিষ্ট সময়ই ইডির দফতরে হাজিরা দিতে হল অভিষেককে।

বলে রাখি ইডির সমন পেয়ে গতকাল, রবিবারই দিল্লি উড়ে যান অভিষেক। যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে এর নেপথ্যে বিজেপিরই চক্রান্ত রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ।

এদিন দিল্লি যাওয়ার আগেও অভিষেক বলেন, “মাথা নত করার প্রশ্নই আসছে না। বাংলায় ওরা হেরে গিয়েছে। তাই গায়ের জ্বালায় এসব করছে। এসব করে কি আর বাংলার মানুষকে বোকা বানাতে পারবে ওরা”।

আরও অন্যান্য খবর