তিনি এখন ভর্তি রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। তাঁর এই হাসপাতালে ভর্তি নিয়ে রাজ্যজুড়ে এখনও চলছে নানান বিতর্ক। কিন্তু তা যেন কানেই নেন না তিনি। এরই মধ্যে হাসপাতালের চিকিৎসকদের কাছে একটি বায়না করে বসলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল।
অনুব্রতর শরীর এখনও সম্পূর্ণভাবে সুস্থ নয়। তাঁর শরীরের সুগারের মাত্রা নিয়ে বেশ চিন্তিত চিকিৎসকরা। এরই মধ্যে অনুব্রতর আবদার, “একটু মিষ্টি খেতে ইচ্ছা কছে, মিষ্টি খাব”। তবে শেষ পর্যন্ত তাঁর এই আবদার রাখেন নি চিকিৎসকরা। এসএসকেএমের চিকিৎসকদের মতে, এখন কোনওমতেই তাঁকে মিষ্টি দেওয়া যাবে না। ফলে পূরণ হল না তৃণমূল নেতার আবদার।
এই প্রসঙ্গে এক চিকিৎসক অনুব্রত মণ্ডলকে জানিয়েছেন, “এখন নয়, তবে পরে একটি মিষ্টি খাওয়ার অনুমতি পাবেন”। হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী, বর্তমানে অনুব্রতর শারীরিক অবস্থার কথা মাথায় তাঁকে সারাদিনে দেড় থেকে দুই কাপ ভাত দেওয়া হচ্ছে।
এমনকি, সারাদিনে তাঁর খাবারের ওপর কঠোর নজর রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে অনুব্রতকে দেওয়া হচ্ছে চা, বিস্কুট এবং কিছুক্ষন বাদে টোস্ট। এরপর দুপুরে তাঁকে দেওয়া হচ্ছে ভাত, ডাল, তরকারি ও মাছ। রাত্রিবেলা তিনি খাচ্ছেন রুটি এবং চিকেন স্টু।
প্রসঙ্গত, গত বুধবার গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। এই কারণে গত মঙ্গলবার রাতে বীরভূম থেকে কলকাতা আসেন তিনি। বুধবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরোলেও, তাঁর গাড়ি নিজাম প্যালেস ছাড়িয়ে চলে যায় এসএসকেএমে।
জানানো হয় যে শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না। এসএসকেএমে গিয়ে একাধিক পরীক্ষা হয় তৃণমূল নেতার। এরপর তাঁকে উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি নেওয়া হয়। এই নিয়ে তাঁকে কটাক্ষ শানাতে থাকে বিরোধীরা।
হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে কিছুটা ভালো রয়েছেন অনুব্রত মণ্ডল। ইউএসজিতে পেটের কোনও সমস্যা ধরা না পড়লেও, ইকো রিপোর্টে হার্টের সামান্য সমস্যা দেখা দিয়েছে অনুব্রতর। চিকিৎসকদের মতে, এই রিপোর্টে তার ভালভের সমস্যা ও হৃদপেশীর সমস্যা মিলেছে। এর পাশাপাশি স্থূলতা জনিত অসুখে ভুগছেন তিনি।
তবে এও জানাগিয়েছে যে অনুব্রতর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে এবং রক্ত পরীক্ষার রিপোর্টেও তেমন বড় কোন সমস্যা মেলেনি। আর এরই মধ্যে চিকিৎসকদের কাছে মিষ্টি খাওয়ার বায়না করে বসলেন তৃণমূল নেতা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার