‘বিদ্রোহী অর্জুন সিং’! কেন্দ্র সরকারকে তোপ দেগে বিক্ষোভের সুর বিজেপি সাংসদের গলায়, দিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনে নামার হুঁশিয়ারিও

এবার পালা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। এর আগে একের পর এক বিজেপি নেতা বিক্ষোভ দেখিয়েছেন আর এবার হঠাৎই বিদ্রোহের সুর উঠল অর্জুনের গলায়। পাটশিল্পে যে দুরাবস্থা চলছে, তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হলেন তিনি।

পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। আর এরপর থেকেই ক্ষোভ জন্মেছে সাংসদ অর্জুন সিংয়ের মধ্যে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকেব চিঠি লিখে কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। তবে তাতে লাভ হয়নি। এই কারণে এবার বেসুরো হলেন অর্জুন। পীযূষ গোয়েলকে এই নিয়ে তোপ দাগা হলেও আসলে মোদী সরকারকেই যে অর্জুন সিং নিশানা করতে চেয়েছেন, তেমনটাই মত ওয়াকিবহাল মহলের।

বারাকপুরের সাংসদ বলেন, “আমি পাটশিল্প এলাকায় জন্মেছি। এই শিল্পে কাজ করেছি। কিন্তু যখন চোখের সামনে চটকল শিল্পকে ধ্বংস হয়ে যেতে দেখে একজন মন্ত্রী চুপ করে থাকে, তাহলে কিছু বলার থাকে না”।

নিজেকে সরকার অংশ এবং বিজেপি সাংসদ হিসেবে উল্লেখ করে আরও বলেন, “ফেব্রুয়ারি মাস থেকে বলে আসছি আপনার জন্য এই শিল্প ধ্বংস হচ্ছে। কিন্তু তারপরেও তিনি কিছু বলছেন না। উলটে জবাব দিচ্ছেন, ধ্বংস হলেই বা কী”।

বেশ হুঁশিয়ারি শানিয়েই অর্জুন সিং বলেন, “কেন্দ্র সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ না করলে রাস্তায় নামতে হবে। সবক’টি ট্রেড ইউনিয়নকে নিয়ে আন্দোলন করতে হবে। এনিয়ে মুখ্যমন্ত্রী ডাকলে, সেখানও যাব। এটা নিয়ে লড়াইয়ের দরকার আছ”। হঠাৎ করেই অর্জুনের গলায় এমন কেন্দ্র বিরোধী সুর যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

এই পরিস্থিতি সামাল দিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বলেন যে বিষয়টি নিয়ে কেন্দ্র ভাবনাচিন্তা করছে। রাজ্যের পাটশিল্পের কথা কেন্দ্রকে ভাবতে হবে। এদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, “কেন্দ্রের কোনও নীতি পছন্দ না হলে সমালোচনা করতেই পারে। কিন্তু আন্দোলনে নেমে কী লাভ! তার চেয়ে যারা বিষয়টি সমাধান করতে পারবে, তাদের সঙ্গে বৈঠক দরকার”।

পাটচাষি ও পাট শ্রমিকদের সমস্যাকে সামনে রেখে অর্জুন সিং বিদ্রোহের কথা বললেও, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে তাঁর এমন অভিযোগ আরও গভীর, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও অন্যান্য খবর