দেশের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করল কল্লাতা বিশ্ববিদ্যালয়। দেশের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২২ অনুযায়ী, দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকার দ্বারা আর্থিক মদতপুষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে এক নম্বর স্থানে। শুধু তাই-ই নয়, জাতীয় সম্মানের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় পেয়েছে আন্তর্জাতিক সম্মানও।
‘ডিসেন্ট ওয়ার্ক এবং আর্থিক বৃদ্ধি এই সাব ক্যাটেগরির মধ্যে সারা বিশ্বে ১৪তম স্থান অর্জন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় যা গোটা বিশ্বের দরবারে তাদের গরিমা আরও বাড়িয়েছে। এর ফলে আন্তর্জাতিক স্তরে ফের একবার বাংলার মান বাড়ল।
এই বিষয় নিয়ে টুইট করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২২-এর হিসাবে সারা দেশের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের দ্বারা আর্থিক সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। জেনে অত্যন্ত আনন্দিত”।
তিনি আরও লিখেছেন, “ডিসেন্ট ওয়ার্ক এবং আর্থিক বৃদ্ধি এই উপ-বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে ১৪তম স্থান অর্জন করেছে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক এবং কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই”।
https://twitter.com/MamataOfficial/status/1519581581937373184
উল্লেখ্য, কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ও খড়গপুর আইআইটি বাংলার মুখ উজ্জ্বল করেছে। আর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানের জয়জয়কার লেগেই রয়েছে।





