ফের একবার সামনে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ঘটনা। তৃণমূলের দুই কাউন্সিলরের লড়াইয়ে কার্যত ধুন্ধুমার কাণ্ড দক্ষিণ দমদম পুরসভা এলাকা। দক্ষিণ দমদম পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাজ না করতে দেওয়া ও এলাকায় সিন্ডিকেট চালানোর অভিযোগ আনলেন ওই পুরসভারই অন্য এক তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন করেছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা।
সূত্রের খবর, গতকাল, দক্ষিণ দমদমের এমসি গার্ডেন রোডের ভারতী বিদ্যামন্দির স্কুলে যান জয়ন্তী সাহা। তাঁর কথায়, স্কুলের কিছু সমস্যা সমাধানের জন্য তিনি এদিন সেখানে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ, সেখানে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় রাজু সেনশর্মার অনুরাগীদের তরফে। জয়ন্তী সাহা এও অভিযোগ করেন যে তাঁকে এবং তার অনুগামীদের ধাক্কা দেওয়া হয়েছে।
কাউন্সিলরের অভিযোগ, তাদের কাজে বাধা দেওয়া হয়। এর পাশাপশি তাদের ভয়ও দেখানো হয়। কাউন্সিলরের এই বিস্ফোরক অভিযোগের পরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ইতিমধ্যেই জয়ন্তী সাহার অনুগামীরা নাগেরবাজার থানায় রাজু সেন শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
এদিকে আবার এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মা। তিনি জানান যে এটা দলের অভ্যন্তরীণ বিষয়। তাই তিনি যা বলার দলের মধ্যেই বলবেন। এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চান নি তিনি। তিনি এও জানান যে জয়ন্তী সাহার যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তিনি তা করবেন।
এই বিষয়ে দক্ষিন দমদম পুরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী কোনও মন্তব্য করতে চান নি। তবে তিনি জানান, “শুক্রবার পুরসভার একটি মিটিং হয়েছে। সেখানে কাউন্সিলররা ছিলেন। সেই মিটিংয়ে কেউ একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ জানায়নি। তাই বিষয়ে কিছুই জানি না”।






