দক্ষিণবঙ্গে আরও ৫ দিন টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে তাপমাত্রা কমবে বেশ খানিকটা। তবে আর্দ্রতাজনিত কারণে থাকবে গুমোট গরম আর এর জেরে বাড়বে অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী কয়েকদিনে গাঙ্গেয় বঙ্গে প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। তবে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের নানান জেলাতেই হবে বৃষ্টি। আবহবিদদের কথায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গেই চলবে ঝোড়ো হাওয়াও।
এমন আবহেই আবার খবর মিলল যে বঙ্গোপসাগরে জমাট বাঁধছে ঘূর্ণাবর্ত। আর এর জেরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া দফতরের মতে, আগামী ৪ই মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর আগামী শুক্রবারের মধ্যেই তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। তবে আপাতত ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে থাকবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুরপ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে এ রাজ্যে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। তবে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা জম্মু এবং বিদর্ভে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।





