মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি, ফের কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়, আজ থেকেই বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সঙ্গে ঝোড়ো হাওয়া

নিম্নচাপের জেরে মাঝে কয়েকটা দিন বৃষ্টি হলেও ফের পাল্লা দিয়ে বেড়েছে গরম। বেলা বাড়লেই রোদের ঝলকানিতে মাথা খারাপ হওয়ার জোগাড়। সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে রোদের আঁচও। রাতের দিকের তাপমাত্রাও কমছে না বিশেষ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী দু’দিন সকালের দিকের তাপমাত্রা এমনই থাকবে।

তবে এই গরমের মধ্যে খানিক স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। ফের কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা ও কলকাতা-সংলগ্ন এলাকায় কালবৈশাখী হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আবহবিদদের মতে, আজ, শনিবার দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় গরমের জেরে অস্বস্তি বাড়লেও  বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়বে।

এদিকে জানা যাচ্ছে পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর।

হাওয়া অফিস তরফে জানানো হয়েছে যে মায়ানমার সংলগ্ন সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশই থাইল্যান্ড ও মায়ানমারের দিকে সরে যাচ্ছে। সেখানে গিয়ে শক্তি হারাবে নিম্নচাপ। এদিকে ছত্রিশগড় থেকে কর্নাটক পর্যন্ত বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে। রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝাও।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগর থেকে ক্রমেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে এগিয়ে আসছে। আন্দামানে বর্ষা অনেক আগেই ঢুকে গিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে আগামী ২৭শে মে-র মধ্যে কেরলে বর্ষা ঢুকবে। হাওয়া অফিসের মতে, মে মাসের শেষের দিকেই বাংলাতেও বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও অন্যান্য খবর