এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam Case) মামলায় ক্রমেই চাপ বেড়ে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই (CBI) দফতরে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন তিনি। আগামী সপ্তাহে ফের তাঁকে তলব করেছে সিবিআই। আর এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অতনু গুছাইত (Atanu Guchait) ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল।
অভিযুক্ত এই অতনু গুছাইত কোলাঘাটের বাসিন্দা। বর্তমানে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠার পরই গোটা পরিবার-সহ এলাকা ছেড়ে পালিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। এই ঘটনা সামনে উঠে আসার পরেই তৃণমূল দল নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে, “দলের সঙ্গে অনেকদিন ওর কোনোরকম যোগাযোগ নেই। ফলে ও কি করছে, তা সম্পর্কে দল অবগত নয়”।
জানা গিয়েছে, এই অতনু গুছাইত এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পঞ্চায়েত প্রধান হিসেবেও লাজ করেছেন তিনি। এছারা অন্য কোনও কাজে তাঁকে সেভাবে পাওয়া যেত বলে জানা গিয়েছে। তবে তাঁর বাড়ি চোখে পড়ার মতো।
এলাকাবাসীদের কথায়, দুর্গাপুজোর সময়ও বেশ খরচা করতেনেই অতনু ও তাঁর ভাই শান্তনু গুছাইত। একাধিক নামকরা শিল্পীদের নিয়ে আসতেন তারা। স্থানীয় বাসিন্দারা এও জানান যে অতনুর স্ত্রী মানসীও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। অতনুর স্ত্রী পেশায় একজন শিক্ষিকা।
অতনুর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর পুলিশ জানায় যে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই অতনুর বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন এলাকার যুবক-যুবতীরা।
অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে টাকা হাতাতেন এই তৃণমূল নেতা। চাকরিপ্রার্থীদের গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি-তে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেন অতনু। জানা যাচ্ছে, এসএসসি-তে চাকরি দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা দাবী করতেন অতনু। আবার গ্রুপ সি ও গ্রুপ ডি-তে চাকরি পাইয়ে দেবেন বলে ১২ লক্ষ ও ১০ লক্ষ টাকা হাতাতেন তিনি।
এলাকার এক যুবক জানান, “অতনু ও তার স্ত্রী মিলে আমার পরিবারের চারজনকে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পার্থর সাথে ভালো যোগাযোগ রয়েছে বলাতে আমরা বিশ্বাস করে তাকে ৬৫ লক্ষ টাকা দিই। কিন্তু এরপর কারোর চাকরি হয় নি আর আমাদের টাকাও ও ফেরত দেয়নি”।
এই ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়কেই নিশানা করেছে বিরোধী দল। এর জেরে যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ওঠা বিতর্ক আরও বেশি বাড়বে, তা বলাই বাহুল্য।






