‘অগ্নিপথ’ নিয়ে বিহার তো বটেই, আরও অন্যান্য রাজ্যও এখন উত্তপ্ত হয়ে রয়েছে। নানা জায়গায় নানান হিংসার ঘটনা ঘটেই চলেছে। বিহারের নানান জায়গায় জাতীয় সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
বিগত তিনদিন ধরেই এমন হিংসার ঘটনা ঘটছে। আজ, শুক্রবার সকাল থেকেই অগ্নিপথ বিরোধীরা রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে। আরা থেকে শুরু করে সমস্তিপুর, বক্সার নানান জায়গায় বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় বলে খবর। ট্রেনেও আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় এসবের মাঝেই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিহারের দ্বারভাঙ্গায় এই হিংসার মধ্যেই আটকে পড়েছে একটি স্কুল বাস। বাসের মধ্যে চার-পাঁচজন শিশুও রয়েছে। এমন পরিস্থিতিতে ভয়ে প্রবল কান্নাকাটি করছে তারা। শিশুদের এই কান্নাকাটির ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা।
#WATCH | Bihar: A school bus, with children on board, got stuck in the road blockade by agitators in Darbhanga. The bus later managed to get out of the blockade with Police intervention.
The agitators were protesting against the #AgnipathRecruitmentScheme pic.twitter.com/E8lFLk9leD
— ANI (@ANI) June 17, 2022
অন্যান্য রাজ্যে বিক্ষোভ দেখানো হচ্ছে। তবে এর মধ্যে বিহারের অবস্থা সবচেয়ে খারাপ। নীতীশ কুমার সরকারের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী রেণুদেবীর পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় গ্রামের বাড়িতেও বিক্ষোভকারীরা হামলা চালায় বলে জানা গিয়েছে। এমনকি, লক্ষ্ণীসরাইয়ে বিজেপির পার্টি অফিসেও হামলা হয়েছে। বেগুসরাইতে কয়েকশো ছাত্র মূল সড়ক দখল করে রেখেছে বলে খবর।
উত্তরপ্রদেশের বালিয়ায় স্থানীয় রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে বেশ কিছু মানুষ। সরকার ভেবেছিল যে ‘অগ্নিপথ’-এ নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে হয়ত এই বিক্ষোভ কমবে। কিন্তু তেমনটা হয়নি।
এমনকি, পশ্চিমবঙ্গের নানান জায়গাতেও এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই ‘অগ্নিপথ’ বিতর্কের জেরে বিজেপি বেশ কোণঠাসা হয়ে গিয়েছে।






