দক্ষিণবঙ্গে এল বর্ষা, অবশেষে প্রবল গরম থেকে মুক্তি দক্ষিণবঙ্গবাসীর, শুরু বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া

প্রবল গরম থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে অবশেষে এল বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছিল বটে, তবে দক্ষিণবঙ্গে তা যেন আটকে ছিল। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে। গতকাল থেকেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার পর আজ, শুক্রবার নামল বর্ষা।

আজ, শুক্রবার সকাল থেকেই আকাশ বেশ মেঘলাই ছিল। আর্দ্রতাজনিত অস্বস্তিও খানিকটা কমই ছিল এদিন। এরপর দুপুর গড়াতেই কালো মেঘ ঢাকে আকাশে। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হল বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে। আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।

বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি রয়েছে। এর ফলে নদীতে জল স্তর বৃদ্ধি হবে। এর জেরে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় ডুবে থাকবে পাহাড়। দার্জিলিং এবং কালিম্পংয়ে ধস নামারও আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ও পশ্চিম বর্ধমানে।

RELATED Articles

Leave a Comment