বিধ্বংসী আগুনের কবলে এবার কলকাতার গাড়ির ওয়ার্কশপ। দমকলের ৮টি ইঞ্জিনের দেড় ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩৫টিরও বেশি গাড়ি। বৃহস্পতিবার দুপুরে কলকাতা বাইপাসের ধারে কালিকাপুর কিষাণ মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যানজটেরও সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও সাংসদ মিমি চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ বাইপাসের ধারে কালিকাপুর এলাকায় গাড়ির ওয়ার্কশপটিতে আগুন লাগে। ওয়ার্কশপের কর্মীরাই প্রথমে ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। প্রথমদিকে তাঁরা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ওয়ার্কশপে ছড়িয়ে পড়লে দমকলে খবর দেওয়া হয়। তারপর দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে অবশ্য পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। গাড়ির ওয়ার্কশপটি মার্কেট এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ঝুঁকি এড়াতে কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। শেষ পাওয়া খবর পর্যন্ত, আগুন নেভানোর কাজ চলছে। ওয়ার্কশপটিতে পেট্রোল, ডিজেল, মোবিল তেলের মত দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। তবে আগুন পুরো ওয়ার্কশপটিতে ছড়িয়ে পড়লেও ভিতরে কারোর আটকে থাকার বা হতাহতের খবর নেই। হঠাৎ করে কীভাবে আগুন লাগল তা ফরেন্সিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন বলে পুলিশ জানিয়েছে। ওয়ার্কশপটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে দমকলমন্ত্রী জানিয়েছেন।






