‘কোনও দুর্নীতি করা যাবে না, দশ বছর রাজত্ব করতে গেলে দু’বছর উপোস করতেই হবে’, তৃণমূল কর্মীদের হুমকির সুরে বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

তৃণমূল (TMC) কর্মীদের কার্যত হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandra Nath Sinha)। বলেই দিলেন যে কোনওরকমের দুর্নীতি যদি হয়, তাহলে তার দায়িতে নেবে না দল। এমনকি, তিনি এও বলেন কে ২০২৪ সাল পর্যন্ত কোনও দুর্নীতি (corruption) করা যাবে না। দলের কর্মীদের উপোসই করতে হবে। আর মন্ত্রীর এই মন্তব্যের কটাক্ষ করা হল বিজেপির (BJP) তরফে। তাদের কথায়, মন্ত্রী শুধুমাত্র দু’বছরের জন্য কর্মীদের দুর্নীতি করতে বারণ করলেন, তার মানে তারপর তারা যা খুশি করতেই পারেন।  

গতকাল, রবিবার ইলামবাজারের ধরমপুর অঞ্চলে ছিল একটি কর্মীসভা। সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেই সভাতেই তিনি বলেন, “আগে যা করেছেন করেছেন, সব ভুলে যান৷ ২০২৪ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে৷ দশ বছর রাজত্ব করতে গেলে দু’বছর রোজা রাখতেই হবে, উপোস করতেই হবে”।

তাঁর কথায়, “২০২৪ সাল পর্যন্ত আপনাদের একটি নিয়ম মেনে চলতেই হবে। কোনও রকম দুর্নীতি করা যাবে না। বুথের দায়িত্বে যাঁরা আছেন, তাদের অনুরোধ করব, বুথের সমস্ত মানুষদের নিয়ে বসুন। এর আগেও এই কথা বার বার বলেছি, কিন্তু আপনারা শুনছেন না। তাই এবার শেষবারের মতো বলছি বুথের দায়িত্বে যারা আছেন, তারা সবার সঙ্গে বসুন। কাউকে অচ্ছুৎ করে রাখবেন না।

মন্ত্রীর কথায়, “২০২৪সালে যে লড়াই আসছে সেখানে যদি আমরা সবাই এক সঙ্গে না থাকতে পারি তাহলে কিন্তু বিজেপি আপনাদের মধ্যে ঢুকে কিস্তিমাত করে চলে যাবে। তখন কান্না ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না।  তাই ১০ বছর রাজত্বের পর আবার সামনে ১০ বছর রাজত্ব করতে চাইলে আগামী দু’বছর মানে ২০২৪ সাল পর্যন্ত নিয়ম মেনে চলতে হবে”।

চন্দ্রনাথের সংযোজন, “মুখ্যমন্ত্রী যে ৭৪টা প্রকল্প করেছেন সেই প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায়, তার জন্য প্রত্যেকটি বাড়িতে যান। দেখুন কারা এখনও সেই প্রকল্পের সুবিধা পাননি। এখানে কোনও দল দেখবেন না। কোনও বুথ সভাপতি যদি বেছে বেছে মানুষকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেন, তা হলে তার দায়িত্ব কিন্তু দল নেবে না। আমরা পরিষ্কার জানিয়ে দেব, ওই বুথ সভাপতি তৃণমূল দলের কেউ নয়”।

রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। চন্দ্রনাথের এমন মন্তব্য প্রসঙ্গে বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, “মন্ত্রী বুঝে গিয়েছেন সামনে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপি দারুণ লড়াই দেবে। তাই দলের কর্মীরা যাতে আর দুর্নীতি না করে, তার জন্য সতর্ক করছেন তিনি”। এতে যদিও কোনও লাভ হবে না”।

আরও অন্যান্য খবর